
‘ধান তুললেই ধনী’। হাওরাঞ্চলে প্রবাদের মতো এ কথা প্রচলিত। হাওরের জমিগুলো একফসলি হলেও মৌসুমে একবার বোরো ফসল ঘরে তুললেই গৃহস্থ পরিবারে আর কোনো অভাব থাকত না। বছরের বাকি সময়টা ঘরে তোলা ধান দিয়েই চলত সংসার।
সেই ‘ধনী’ মানুষের একটি অংশ কাজের খোঁজে স্থানান্তর হচ্ছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দেশের বৃহৎ পাথর কোয়ারি ভোলাগঞ্জ ও গোয়াইনঘাটের জাফলংয়ে কর্মরত পাথর ও বালুশ্রমিকদের ৯০ ভাগই হাওরাঞ্চলের বাসিন্দা। কাজের খোঁজে এসে অস্থায়ী বসতি গড়লেও তাঁদের অনেকেই আর ফিরছেন না। যেখানে কাজ, সেখানেই আবাস গড়ছেন তাঁরা।
ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বছরে শুধু বর্ষায় বারকি শ্রমিকের (নৌকা পরিবহন) কাজে হাওরের মানুষজনকে শ্রমজীবীর কাজে দেখা যেত। তাঁরা বর্ষা শেষে আবার ফিরে যেতেন। একইভাবে জাফলংয়ে পাথর উত্তোলনকাজে নিয়োজিত ব্যক্তিরা শুধু বোরো মৌসুম (বৈশাখ-জ্যৈষ্ঠ) ছাড়া বছরের বাকি সময়গুলোয় জাফলং এলাকায় অবস্থান করতেন।
কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি সমবায় সমিতির সভাপতি আবদুল আউয়াল জানান, ভোলাগঞ্জ, জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলোয় ৫০ হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের বড় অংশ হাওরাঞ্চলের বাসিন্দা। আগে কৃষি মৌসুমে তাঁরা এলাকায় ফিরে যেতেন। গত প্রায় পাঁচ বছর তাঁদের মধ্যে অনেকেই এলাকায় ফিরে যান না।
জাফলংয়ের বাবুলের জুম এলাকায় একটি টিলার নিচে শ্রমিকদের বসতি এলাকায় দেখা গেছে, শতাধিক খুপরিঘরে শ্রমিক পরিবারগুলো বসবাস করছে। ১৫০ থেকে ২৫০ টাকা ভাড়া দিয়ে ওই সব খুপরি নিজেরাই নির্মাণ করেছে তারা।
হাওরাঞ্চলে বসবাসকারীদের দুটি পেশা। একটি কৃষি অন্যটি মাছ ধরা।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, সিলেট বিভাগের চার জেলায় চার লাখ ২৭ হাজার ৫৮৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। কোনো কারণে ফসলহানি ঘটলে ‘ধানে ধনী’ মানুষগুলোকে মজুরি খাটা ছাড়া কোনো বিক ল্প থাকে না। কাজের সন্ধানে তখন স্থানান্তরপ্রবণতা বাড়ে।
এ প্রবণতা বেড়ে গেলে একসময় হাওরের কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়বে জানিয়ে সরকারের হাওর ও জলাশয় উন্নয়নবিষয়ক জাতীয় কমিটির সদস্য ও সাংসদ এম এ মান্নান জানান, কৃষিজীবী ও মৎস্যজীবী পর্যায়ে স্থানান্তর-প্রক্রিয়া হাওরের জন্য অশনিসংকেত।