যেখানে খনন সেখানেই ফেলা হচ্ছে মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে অসংখ্য ডুবোচর পড়েছে। নির্বিঘ্নে নৌ-চলাচলের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চারটি ড্রেজার দিয়ে মাওয়া-কাঁঠালবাড়ী-চরজানাজাত (শিবচর) নৌপথে এক মাস ধরে খননকাজ করছে। খনন করা মাটি ড্রেজার থেকে অদূরে নদীতেই ফেলা হচ্ছে। এতে খনন করা অংশ আবার ভরাট হয়ে যাচ্ছে। তবে বিআরটিএর দাবি, ড্রেজারের অদূরে হলেও নদীর ভাটিতে ফেলা হচ্ছে মাটি। এতে খনন করা জায়গার নাব্যতা ঠিক থাকবে।বিআরটিএ সূত্র জানায়, চারটি ড্রেজারের মধ্যে নাওডোবা চ্যানেলে একটি, কবুতরখোলা চ্যানেলে তিনটি ড্রেজার বসানো হয়েছে। ৩ অক্টোবর থেকে ড্রেজারগুলো বসানো শুরু হয়। এর মধ্যে দুটি ড্রেজার বিআরটিএর নিজস্ব। অন্য দুটি ভাড়া নেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় চারটি ড্রেজারে খননকাজে ব্যয় হচ্ছে প্রায় ৯০ হাজার টাকা। আর প্রতিদিন ড্রেজারগুলো ১৫ থেকে ১৮ ঘণ্টা চালানো হচ্ছে। প্রতিটি ড্রেজার ঘণ্টায় ২৫০ থেকে ৩০০ ঘনমিটার মাটি কাটে। এতে ঘণ্টায় ১৩০-১৩৫ লিটার ডিজেল খরচ হয়, যার দাম সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা। বিআরটিএর প্রতিটি ড্রেজারে ২৫ জন কর্মী কাজ করেন। ভাড়ায় চালিত ড্রেজার দুটি প্রতি ঘণ্টায় ৩০০ ঘনমিটার মাটি কাটতে সক্ষম। প্রতি ঘনমিটার মাটির জন্য বিল দেওয়া হয় ১২৩ টাকা। ড্রেজারগুলো যে স্থানে বসানো হয়েছে, খনন করা মাটি সেখান থেকে সামান্য দূরে ফেলা হচ্ছে। অথচ প্রায় ১০০ গজ দূরেই রয়েছে উঁচু চর। সেখানে না ফেলে খনন করা মাটি নদীতে ফেলা হচ্ছে। এতে ওই মাটিতে নদীর খনন করা অংশ আবারও ভরাট হয়ে যাচ্ছে।বিআরটিএর খনন প্রকৌশলীরা জানান, এভাবে আগামী মার্চ মাস পর্যন্ত এই চ্যানেলে খনন চলবে। একইভাবে এর আগেও হাজরা চ্যানেলে ১৫ দিন খননকাজ চলেছিল। পরে আবার মাটিতে ভরাট হয়ে চ্যানেলটি বন্ধ হয়ে গেছে।শিবচরের মাদবরের চর এলাকার বাসিন্দা লঞ্চযাত্রী আবু হাসান (৪০) বলেন, প্রতিবছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পদ্মা নদীতে খননকাজ করে। কিন্তু কোনো লাভ হয় না। ফেরি ও লঞ্চগুলো পঁচ-ছয় কিলোমিটার ঘুরে যাতায়াত করে। নদীর যে অংশে ড্রেজার বসানো হয়েছে, সেখানেই মাটি ফেলা হচ্ছে। পাগলেও বোঝে, এই মাটিতে আবার খনন করা জায়গা ভরাট হয়ে যাবে।জাজিরা উপজেলার ওছিম উদ্দিন ও মাদবরকান্দি গ্রামের লিয়াকত (৩৫) বলেন, ১০০ থেকে ১৫০ ফুট অতিরিক্ত পাইপ লাগিয়ে খনন করা মাটি চরের মধ্যে ফেলা যেত। তা না করে নদীর মধ্যে ফেলা হচ্ছে। এতে প্রতিদিন সরকারের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, নিয়মানুযায়ী খনন করা জায়গা থেকে মাটি দুই-আড়াই কিলোমিটার দূরে ফেলার কথা। আর নদী বড় হলে স্রোতের অনুকূলে খনন করা অংশ থেকে এক কিলোমিটার দূরে মাটি ফেলতে হবে। সাধারণত, এগুলো প্রাক্কলন ব্যয়ে উল্লেখ থাকে।বিআরটিএর নির্বাহী প্রকৌশলী (খনন) মাশুকুল আলম প্রথম আলোকে জানান, ‘চ্যানেলটি চালু রাখার জন্য দীর্ঘ সময় খননকাজ চালাতে হবে। খননযন্ত্রের কাছে নদীর ভাটিতে মাটি ফেলা হচ্ছে। এই জায়গাগুলো ভরাট হলে খনন করা জায়গার নাব্যতা ঠিক থাকবে বলে দাবি করেন তিনি। কবুতরখোলা চ্যানেল থেকে ভাগ্যকুল চ্যানেল পর্যন্ত পুরো জায়গাটিই ডুবোচর। নদীতে মাটি ফেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’