যেখানে ছায়া সেখানেই ক্লাস
শ্রেণীকক্ষ নেই। কিন্তু বিদ্যালয়ে আছে অসংখ্য ছোট-বড় গাছ। এখন এই বিদ্যালয়ে যেখানেই গাছের ছায়া, সেখানেই ক্লাস। মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের লুৎফুন্নেছা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এভাবে পাঠদান চলছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিন বছর ধরে এসএসসিতে এই বিদ্যালয়ের পাসের হার শতভাগ। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৯ সালে গ্রামবাসীর আর্থিক সহায়তায় নির্মিত বিদ্যালয়ের আটটি ঘরের ওপর টিন ও চারপাশে আলগা ইটের দেয়াল ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকিরুল ইসলাম জানান, ২০০৬ সালে তীব্র ঝড়ে বিদ্যালয়ের সব ঘরের টিনের চাল উড়ে যায়। চারদিকের ইটের দেয়ালগুলোও বিধ্বস্ত হয়। তার পর থেকে এই বিদ্যালয়ে কোনো শ্রেণীকক্ষ নেই। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ৩৬৯ জন ছাত্রছাত্রী রয়েছে। ওই ঝড়ের পর খোলা আকাশের নিচে স্কুলের চেয়ার-বেঞ্চ পড়ে থাকায় কিছু নষ্ট ও কিছু চুরি হয়ে যায়। কক্ষ না থাকায় স্কুলের ল্যাবরেটরি, লাইব্রেরি ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ আছে। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আরিফা খাতুন জানায়, বর্ষা ও শীতের মৌসুমে ক্লাস করা অসম্ভব হয়ে পড়ে।সরেজমিন গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের একটি ঘরে শিক্ষকেরা বসেন। এই ঘরটি ঝড়ের পর কোনোমতে মেরামত করা হয়েছে। স্কুলের সামনে ও পেছনে আছে অনেক গাছ। প্রতিটি গাছের নম্বর আছে। শিক্ষকেরা হাঁক দিলেই ছাত্ররা ক্লাস করতে সেই গাছের নিচে চলে যাচ্ছে। স্কুলের শিক্ষক আবু সাঈদ জানান, চার বছর ধরে গাছের ছায়ায় ছেলেমেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। এভাবে ক্লাস করেই গত দুই বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের পাসের হার শতভাগ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান বলেন, শ্রেণীকক্ষ না থাকায় ওই স্কুলের শিক্ষার্থীদের গাছের ছায়ায় বসে ক্লাস করতে হয়। দুই বছর ধরে এসএসসিতে এই স্কুলের পাসের হার শতভাগ।