যেখানে তাঁবু, সেখানেই পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে সাতটা বাজলেই তাঁবু ছেড়ে বেরিয়ে আসে শিশুরা। এরপর শুরু হয় লেখাপড়া। এই ‘পাঠশালা’য় নেই কোনো শ্রেণিকক্ষ। ওড়ে না কোনো জাতীয় পতাকা। নেই শিক্ষার্থীদের বসার বেঞ্চ-চেয়ার-টেবিল। খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে চলে পাঠদান। যাযাবর দলের এক সদস্য শিক্ষক। শিক্ষার্থী তাঁদের সন্তানেরাই।
সারা বছরই দল বেঁধে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হয় যাযাবরদের। সুবিধামতো জায়গা পেলেই তাঁবু খাটিয়ে নেন তাঁরা। সেখানেই শুরু হয় শিশুদের অ, আ, ক, খ বর্ণমালা শেখার পাঠ। সপ্তাহ খানেক হলো এমন একটি যাযাবরের দল তাঁবু খাটিয়েছে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদের পাড়ে। নিজে নিরক্ষর হলেও পিছিয়ে পড়া এই সম্প্রদায়কে শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাযাবর সর্দার সবেদ আলী (৬০)। তিনি শিশুদের পাঠদানের দায়িত্ব দিয়েছেন দলের সদস্য আমিরুল ইসলামকে।
যাযাবর দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে। গ্রামের ১৬টি পরিবারের ৫২ জন সদস্য সবেদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। দলটির সদস্যরা সাপ ধরা, সাপ বিক্রি, সাপে কাটা রোগীর বিষ নামানো, ঝাড়ফুঁক, সাপ-বানর-বেজির খেলা দেখিয়ে আয় করেন। আয়ের ওপর নির্ভর করে এলাকায় অবস্থানের সময় নির্ধারণ করা হয়। রোজগার কমে এলে তাঁরা চলে যান সুবিধামতো অন্য জায়গায়। এভাবে বছরের নয় মাসের ভাঙাগড়ার খেলা শেষে তাঁরা ফিরে যান স্থায়ী ঠিকানায়। সেখানে মাস তিনেক অবস্থানের পর আবার শুরু হয় যাযাবর জীবন।
গত বুধবার টাঙ্গন নদের তীরে গিয়ে দেখা যায়, সারি সারি করে ১৬টি তাঁবু খাটানো। বৃষ্টি থেকে বাঁচতে দেওয়া হয়েছে পলিথিনের আচ্ছাদন। তাঁবুর পাশে শিশুরা গোল করে বসে উচ্চ স্বরে পড়া আয়ত্ত করছে। সর্দার পাশে বসে ওদের পড়া পর্যবেক্ষণ করছেন।
সবেদ আলী জানান, মানুষ আর আগের মতো সাপ খেলা দেখে আনন্দ পায় না, ঝাড়ফুঁকেও আস্থা কমে গিয়েছে। তাঁদের আয়ে ধস নেমেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার গুরুত্ব প্রবলভাবে অনুভব করেন তিনি। এই উপলব্ধি থেকেই ২০০৪ সালের দিকে দলের শিশুদের মধ্যে শিক্ষার বীজ বপনের উদ্যোগ নেন।
আমিরুল জানান, তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। আর্থিক সংকটে কাজের সঙ্গে যুক্ত হওয়ায় আর লেখাপড়া করা হয়নি। তাঁদের বহরের শিশুরা যাতে পরে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সে জন্য শিশুদের পাঠ দেওয়া হচ্ছে। এই পাঠশালায় ১৪ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন সকালে দেড় ঘণ্টা করে লেখাপড়া চলে। বাংলা বর্ণমালার পাশাপাশি ইংরেজি ও গণনা শেখান তিনি। কাজের ব্যস্ততা থাকলেও বাচ্চাদের পড়াতে কষ্ট হয় না। শিক্ষা-উপকরণ পেলে বাচ্চাদের পড়াতে সহজ হতো।
দলের সদস্য আজহারুল হক বলেন, ‘বাপ-দাদারা কয়েকটা বিয়ে করে স্ত্রীদের আয়ে বসে বসে খেতেন। এখন দিন পাল্টেছে, সেই সঙ্গে পাল্টেছে আমাদের ধারণাও। তাই সর্দার শুধু শিশুদের লেখাপড়া শেখাচ্ছেন না, দলের বড়দের মধ্যেও মাদক, বহুবিবাহ, নারী নির্যাতন, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন।’
‘এখন খুব বেশি টাকা নিয়ে বাড়ি ফিরতে পারি না। সব খরচ হয়ে যায়। বাপ-দাদার এই পেশায় টিকে থাকা কঠিন হয়ে গেছে। নিজেদের জীবন তো শেষ, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবি। তাই ওদের লেখাপড়া করানোর চেষ্টা করছি।’ বলেন দলের নারী সদস্য ফুলি বেগম।
শিক্ষার্থী ইসরাফিল হোসেন (৭) ছন্দ তুলে বলে, ‘অ-তে অজগর, আ-তে আম, অজগরটি আসল তেড়ে, আমটি আমি খাব পেড়ে—এসব পড়া শিখেছি।’ এ সময় আরেক শিক্ষার্থী আজমত আলী (৬) ‘ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ’ ছড়াটি আবৃত্তি করে শোনায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক সফিকুল ইসলাম বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে এ উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে। এ উদ্যোগে যাযাবর সম্প্রদায় একদিন শিক্ষার আলোতে আলোকিত হয়ে উঠবে বলে আশা করি।’