যেখানে নাশকতা সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘বাংলাদেশে দুই হাজার ৮৩৪ কিলোমিটারের বেশি রেলপথ। নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলপথের নিরাপত্তায় জনগণকে সচেতন হতে হবে। রেলপথকে জনগণের সম্পদ মনে করে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাত্ম হতে হবে। রেলপথের যেখানে নাশকতা-নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন।’গতকাল শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। বেসরকারি সংস্থা ওয়াটারএইডের সহায়তায় মুঠোফোন কোম্পানি রবি সিলেট রেলওয়ে স্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট তৈরি করে। এতে প্রায় পাঁচ হাজার লিটার সুপেয় পানির মজুত রয়েছে বলে জানানো হয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল দুপুরে পানির প্ল্যান্ট উদ্বোধন করেন রেলপথমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক রেশমা খান জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। রেলওয়ের নানা সমস্যার সমাধানে সরকারের উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘রেলওয়ের উন্নয়নে ৩৮টি প্রকল্পের কাজ চলছে। বিদেশ থেকে দুটি নতুন ইঞ্জিন, ২০টি ওয়াগন ও ২০০ কোচ আমদানি করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে রেলওয়ের চেহারা পাল্টে যাবে।’ কমিউটার ট্রেন চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে রেলবহরে ২০ জোড়া কমিউটার ট্রেন যুক্ত হবে। ইতিমধ্যে দুই সেট কমিউটার ট্রেন আমদানি করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন আগামী ১৭ এপ্রিল চালু হবে।