যেখানে নির্যাতন সেখানেই প্রতিরোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে কোনো নারী বা কন্যাশিশুর ওপর নির্যাতন হবে, সেখানেই প্রতিরোধে সোচ্চার হতে, প্রতিবাদ করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৬ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত নারী নির্যাতনবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
‘পরিবার ও জনজীবনের সকল ক্ষেত্রে নারী ও কন্যার প্রতি উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন প্রতিরোধ ও নির্মূল করো’ স্লোগানে এ অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সমাবেশে বক্তারা বলেন, আড়াই বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছর বয়সী নারীকেও ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হতে হচ্ছে। নারীর প্রতি বৈষম্যমূলক-পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এর মূল কারণ। আর এ বিরাজমান বৈষম্যের ফলাফলই হচ্ছে নারীর প্রতি সহিংসতা। তাঁরা আরওবলেন, ‘আসুন, সবাই প্রতিজ্ঞা করি, আজ থেকে নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন করব। তাঁদের সমমর্যাদা দেব।’
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর প্রতি সহিংসতা আজ জাতীয় ও বৈশ্বিক উদ্বেগের বিষয়। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এ কারণেই তনু, রিসা, পূজা, খাদিজাদের মতো শত শত মুখ বলছে, নারী হয়ে জন্মানোর কারণেই তাঁদের এই পরিণতি। নারীদের প্রতি বৈষম্য দূর করতে জাতিসংঘের সিডও সনদের সংরক্ষিত ধারা দুটি থেকে আপত্তি প্রত্যাহার এবং শর্তহীনভাবে মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখার দাবিও জানান তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, সমাজে কেবল নারী বা শিশু নয়, সংখ্যালঘু, আদিবাসী, নৃগোষ্ঠীসহ নানা শ্রেণি-পেশার মানুষ নির্যাতিত হচ্ছে। এসব নির্যাতন বন্ধে সুষ্ঠুভাবে আইনের প্রয়োগ দরকার।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘তনু হত্যার বিচার যে গতিতে চলছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা তনু হত্যাসহ সকল নারী নির্যাতনের বিচার চাই।’