যেখানে বাজল প্রথম বিজয়ের সুর

নতুন দেশ। নতুন পতাকা। নতুন জাতীয় সংগীত। অতীতে বিজয় দিবসে সারা দেশে বিজয়ের সুর বাজলেও তাতে যেন একাত্ম হতে পারেনি এই এলাকাগুলোর মানুষ। তবে এবার তাদের কাছে বিজয় দিবস এসেছে অন্যভাবে। সারা দেশের সঙ্গে একাত্ম হয়ে বিজয়ের সুর বেজেছে সেই এলাকাগুলোতেও। আজ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেই এলাকাগুলো মুখরিত হয় বিজয় উল্লাসে। উড়ল লাল সবুজের পতাকা। সমবেত কণ্ঠে গাওয়া হলো, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
বলা হচ্ছে, দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা কাটিয়ে বাংলাদেশে একীভূত হওয়া ছিটমহলগুলোর মানুষের কথা। একীভূত হওয়ার পর এই প্রথমবার বিজয় দিবস উদ্যাপন করলেন তাঁরা। দিবসটি উপলক্ষে নানা আয়োজন ছিল ছিটমহলগুলোতে।
লালমনিরহাট প্রতিনিধি জানায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। বাঁশপচাই ঈদগাহ মাঠে কাপড়ের তৈরি অস্থায়ী শহীদ মিনারের পাশে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। পরে আলোচনা সভা, দেশাত্মবোধক গান আর নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলুপ্ত ছিটমহলের নেতৃবৃন্দ। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত ছিটমহলগুলোতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় একই ধরনের আয়োজনে এই দিনটি উদ্যাপন করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেন নীলফামারীর সদ্য বিলুপ্ত চার ছিটমহলের মানুষ। সকালে বিলুপ্ত চার ছিটমহলের বাসিন্দারা খারিজা গিতালদহে সমবেত হন। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয় শিশুদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে সাবেক ছিটমহলগুলোতেও ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। সকাল সাতটার দিকে সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিছুক্ষণ পর দলে দলে নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ দাসিয়ারছাড়ার কালিরহাটে সমবেত হন। তাঁরা সেখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তখন মাইকে বাজতে থাকে দেশাত্মবোধক গান। একে একে সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, আওয়ামী লীগ ও তাঁর সহযোগী অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাবেক ‘ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের’ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা।
আলতাফ হোসেন বলেন, ‘আমরা বিজয়ের স্বাদ গ্রহণ করলাম আজ। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের নাগরিক হয়েছি আমরা। সেই সব শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে আমরা সমবেত হয়েছি।’ দাসিয়ারছড়ার শিক্ষার্থী আয়েশা মণি প্রথম আলোকে বলেন, ‘এই প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বিজয় দিবস পালন করছি। ভীষণ খুশি লাগছে।’