বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ময়মনসিংহে আগামীকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা বানচাল করতে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এ কথা বলেন।মির্জা আব্বাস ওই জনসভা আয়োজনে বিএনপির গঠিত কমিটির প্রধান সমন্বয়ক। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ময়মনসিংহের এই জনসভা হবে এযাবৎকালের সবচেয়ে বড় মহাসমাবেশ।মির্জা আব্বাস অভিযোগ করেন, গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জনসভার প্রচারের মাইক ও গাড়ি ভাঙচুর করেছে। ঈশ্বরগঞ্জে মিছিলে হামলা ও ভাঙচুর, গফরগাঁওয়ে রামদা হাতে মিছিল করে হুমকি দিয়েছে। নেত্রকোনায় তোরণে অগ্নিসংযোগ করেছে। তা ছাড়া বিভিন্ন স্থান থেকে জনসভায় আসার জন্য বাস ভাড়া না দেওয়ার জন্য মালিকদের হুমকি দিচ্ছে।মির্জা আব্বাস পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, বিএনপির নেতা এ কে এম মোশাররফ হোসেন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফখরউদ্দিন আহাম্মেদ, জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার, জেলা জামায়াতের আমির মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।