৬ এপ্রিল লংমার্চ কর্মসূচিতে যেখানে বাধা আসবে, সেখানেই বসে পড়ার জন্য অনুসারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি। গতকাল সোমবার চট্টগ্রামের লালদীঘির ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত ‘শানে রেসালত’ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে শাহ আহমদ শফি এ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আমাদের শান্তির মাধ্যমে কাজ করতে হবে। কোনো ভাঙচুর, বিশৃঙ্খলা করবেন না। যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই আল্লাহ আল্লাহ বলে বসে পড়বেন। হাতে তসবি, মেসওয়াক থাকবে, আর আল্লাহর নবীর জায়নামাজ রাখবেন।’ কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও শাস্তিসহ ১৩ দফা দাবিতে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল মাগরিবের পর আল্লামা আহমদ শফি বক্তৃতা করেন। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের ১৩ দফা দাবি আপনারা দেখেছেন। এর একটাও সরকারের বিরুদ্ধে নয়। আমরা সরকারের বিপক্ষে কোনো কাজ করছি না। আপনাদের ওপরে বড় সরকার আছেন (আল্লাহ), এ দেশে তাঁর আইন চালু করার জন্য আমাদের সংগ্রাম।’ আল্লামা আহমদ শফি বলেন, ‘সরকারের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। লংমার্চের চার-পাঁচ দিন আগে তাঁরা আমাকে কর্মসূচি স্থগিত করতে বলেছেন। কিন্তু যেখানে দু-চার হাজার আলেমকে আমরা দাওয়াত করেছি, এটা তাঁরা ঠিক করেছেন; সেখানে তাঁদের বাদ দিয়ে আমি এ ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এভাবে কর্মসূচি স্থগিত করা সম্ভব নয়।’লংমার্চ সফল করার জন্য সরকারের সহযোগিতা চেয়ে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘আমাদের কাজে বাধা দেবেন না। যদি বাধা না দেন, তাহলে আমরা বলতে পারব, মুসলমানের পক্ষে মুসলমান সরকার সহযোগিতা করেছে। যদি বাধা দেন, তাহলে আর আমরা মুসলমান সরকার বলতে পারব না, বলব নাস্তিক সরকার।’সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। হেফাজতের নায়েবে আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য দেন নায়েবে আমির আবদুল মালেক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সলিমুল্লাহ, লোকমান হাকিম, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম জেলা সভাপতি জান্নাতুল ইসলাম, নেজামে ইসলামের মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন মইনুদ্দিন রুমি ও আজিজুল ইসলাম। সম্মেলনে বক্তারা ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। ঢাকা ও আশপাশে গণসংযোগ: হেফাজতে ইসলামের লংমার্চ সমন্বয় কমিটির নেতারা গতকাল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল সকালে রাজধানীর মালিবাগ মাদ্রাসায় মাওলানা আনোয়ার শাহের সভাপতিত্বে আলেমদের মতবিনিময় সভা হয়। এতে সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী বলেছেন, সরকারি ও বিরোধী দলসহ যেকোনো মুসলমান তাদের এই আন্দোলনে যোগ দিতে পারেন। শান্তিপূর্ণ লংমার্চে বাধা এলে আন্দোলন ভিন্ন রূপ নিতে পারে।নারায়ণগঞ্জে সদর কালীবাড়ি বড় মসজিদেও স্থানীয় আলেমদের সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা হয়। এ সময় মাওলানা আবদুল আউয়ালকে আহ্বায়ক ও মুফতি আবদুল কাদিরকে সদস্যসচিব করে হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।নরসিংদী বাজীর মোড় মসজিদে লংমার্চ সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা হয়। এ সময় মাওলানা শওকত হোসাইন সরকারকে সভাপতি ও মাওলানা ইসমাঈলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট হেফাজতে ইসলাম নরসিংদী জেলা কমিটি গঠন করা হয়। এ ছাড়া ধামরাইয়ে কালামপুর কলেজ মসজিদে ও কেরানীগঞ্জে ওয়াসপুর মাদ্রাসায় মতবিনিময় সভা হয়। ঢাকার লালবাগে অস্থায়ী কার্যালয়ে আল্লামা শাহ আহমদ শফির ঢাকার খোলাফায়ে কেরামদের সভা হয়।