যেখানে বাবার বিদায় সেখানে কন্যার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলমের স্ত্রী সামসুন নাহার একটি কন্যাসন্তান প্রসব করেছেন। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) অস্ত্রোপচারের মাধ্যমে এই নবজাতকের জন্ম হয়।
নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই রিপন জানান, প্রসব বেদনা উঠলে দুপুর পৌনে একটার দিকে জাহাঙ্গীরের স্ত্রী সামসুন নাহারকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দুইটা ১৫ মিনিটের সময় তাঁর অস্ত্রোপচার হয় এবং তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
এ খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বিকেল তিনটার দিকে হাসপাতালে যান। তিনি প্রসূতি মায়ের খোঁজখবর নেন এবং নবজাতকের নাম রাখেন ‘রওজা’।
রিপন আরও বলেন, সাতজনের লাশ উদ্ধারের পর এই হাসপাতালেই তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন করার পর দাফন করা হয়। যেই হাসপাতালে জাহাঙ্গীর আলমের ময়নাতদন্ত করা হয়েছে ৩০ এপ্রিল, সেই হাসপাতালেই তাঁর স্ত্রী সামসুন নাহার ৪ জুলাই মেয়ের জন্ম দিলেন।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার, মনিরুজ্জামান স্বপন ও তাঁর গাড়িচালক জাহাঙ্গীর আলমসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত করার পর গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত র্যাবের সাবেক তিন কর্মকর্তা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার তিন প্রত্যক্ষদর্শী আদালতে ১৬৪ ধারায় অপহরণ ঘটনার বর্ণনা দেন।