যেখানে ভোটাররা ছিলেন নিষ্ক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে যেতে সাভার পৌরসভা এলাকাটি চেনার জন্য আলাদা সীমানাপ্রাচীরের প্রয়োজন নেই। রাস্তার দুই পাশে বিভিন্ন মার্কার সাদাকালো পোস্টারের বহর দেখে বোঝা যায়, পৌর এলাকার শুরু এবং শেষ।
আমরা সকাল সাড়ে আটটায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে গিয়ে দেখি সুনসান নীরবতা। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মীরা বেশ তৎপর। ভেতরে ঢুকতেই দেখা গেল বিভিন্ন কক্ষে পোলিং অফিসাররা ব্যালট পেপার নিয়ে বসে আছেন। সামনে প্রার্থীর পোলিং এজেন্টরাও আছেন। তবে সব দলের বা প্রার্থীর নয়। অন্তত পাঁচটি বুথে জিজ্ঞেস করে জানতে পারলাম, চারটিতে বিএনপির পোলিং এজেন্ট নেই। এমনকি কেন্দ্রের বাইরে বিএনপির পক্ষ থেকে কাউকে ভোটার স্লিপ দিতেও দেখা যায়নি।
বিএনপির পোস্টার, এজেন্ট সমর্থক না দেখে ভোটের চিত্রটি অনুমান করা কঠিন নয়। জাল ভোট চিহ্নিত করে থাকেন পোলিং এজেন্টরা। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টই যদি না থাকেন, কীভাবে জাল ভোট রোধ করা যাবে? কে করবেন? প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা বলেছেন, তাঁদের পক্ষে তো ভোটারদের চেনা সম্ভব নয়।
বিএনপির এজেন্ট না থাকার কারণ জিজ্ঞেস করলে একজন স্থানীয় বাসিন্দা বললেন, বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। সম্প্রতি জামিনে ছাড়া পেলেও তিনি নির্বাচনী প্রচারে নামেননি। তাঁর কর্মীরাও ভয়ভীতিতে আছেন। বিএনপির একজন কর্মীর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাঁদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ‘সুপরামর্শ’ দেওয়া হয়েছে। বলেছেন, ‘গেলে সমস্যা হতে পারে।’ আর এ সমস্যার ভয়ে কেন্দ্রের ভেতরে কিংবা বাইরে কোথাও বিএনপির উপস্থিতি নেই বলা চলে।
এরপর আমরা পার্শ্ববর্তী কয়েকটি কেন্দ্রে গিয়েও একই অভিজ্ঞতার মুখোমুখি হই। বিদ্যালয়ের ভেতরে-বাইরে শক্ত নিরাপত্তাব্যবস্থা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টরাও সক্রিয়। দু-একজন ব্যতিক্রম বাদে তাঁরা সাংবাদিকদেরও সহযোগিতাও করছেন। কিন্তু যাঁদের জন্য এসব আয়োজন, সেই ভোটারের উপস্থিতি কম। সাভারের ছয়টি কেন্দ্রের মধ্যে কেবল একটিতে ভোটারদের মাঝারি আকারের লাইন দেখেছি। বাকিগুলোতে উপস্থিতি কম। এরই মধ্যে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন, ‘অমুক কেন্দ্রে রাতেই ব্যালটে সিল মারা হয়েছে, অমুক কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে।’ তবে তার সত্যাসত্য নিরূপন করা সম্ভব হয়নি।
কেমন ভোট হচ্ছে, জানতে চাইলে প্রায় সবাই মুখস্থ বলে দিচ্ছেন, ‘খুব ভালো ভোট হচ্ছে। কোনো গোলযোগ নেই।’ ভোটার কম কেন? তাঁদের জবাব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও ভোটার বাড়েনি। বিকেল চারটা পর্যন্ত প্রায় সব কেন্দ্রের চিত্র ছিল অভিন্ন।
সাভার থেকে আমরা যাই ধামরাই পৌরসভা এলাকায়। মহাসড়কের এপার-ওপার দুটি কেন্দ্র জ্যোতির্বিদ্যা নিকেতন ও ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়। ইসলামপুর কেন্দ্রে ঢুকতেই একধরনের গোলযোগের আভাস পাই। কেন্দ্রের ভেতরে ভোটার কম থাকলেও বাইরে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মহড়া লক্ষ করি। একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা সড়কের পাশের খোলা জায়গা দিয়ে ঢুকে পড়লে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিবাদ জানান। তাঁর দাবির মুখে পুলিশ প্রতিপক্ষের কর্মীদের বের করে দিলেও উত্তেজনা চলতে থাকে।
পাশের জোতির্বিদ্যা নিকেতনে যেতেই আমরা একটি বুথে দেখি, একজন পোলিং এজেন্ট নিজেই কিছু ব্যালট বাক্সে ভরে দিচ্ছেন। সহকর্মী অরূপ রায় তাঁকে চ্যালেঞ্জ করলে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বললেন, ওই পোলিং এজেন্ট কোনো ব্যালট বাক্সে ভরেননি। বাক্সটি নাড়া দিয়েছেন মাত্র। সেখানে উপস্থিত অন্যান্য পোলিং এজেন্টও তাঁকে সমর্থন করলেন।
গতকাল যেসব ভোটকেন্দ্রে আমরা গিয়েছি, মডেল প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রায় সবগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, সংবাদকর্মী— সবাইকে সক্রিয় দেখা গেলেও যাঁদের সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা, সেই ভোটারদের নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তবে তার চেয়ে বেশি নিষ্ক্রিয় ছিল বিএনপির নেতা-কর্মীরা।