যেখানে ভোট দেবেন মেয়র পদপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণের শুরুতেই মেয়র পদপ্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেবেন। এরপর তাঁরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন।এবারের নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে জাতীয় পার্টির (এরশাদ) সোলায়মান আলম শেঠ নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় ব্যালট পেপারে তাঁর নাম ও প্রতীক (টেলিভিশন) রয়ে গেছে। মেয়র পদপ্রার্থী ছাড়াও সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৩ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।জানা যায়, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরী সকালে ৮ নম্বর ওয়ার্ডের আহম্মদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মহিউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম ১০ নম্বর ওয়ার্ডের সিটি গেইটের হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তাঁর প্রতীক আনারস।সোলায়মান আলম শেঠের ভোটকেন্দ্র জামালখানের সলিমা সিরাজ মহিলা মাদ্রাসায়। এ ছাড়া মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহীম ২৫ নম্বর ওয়ার্ডের আলহাজ এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তাঁর প্রতীক মোটরসাইকেল। চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মেয়র পদপ্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা ৪ নম্বর ওয়ার্ডের চান্দগাঁও আবাসিক এলাকার (ব্লক বি) সিডিএ পাবলিক স্কুল কেন্দ্রে, মোফাজ্জল হোসেন ভূঁইয়া (হেলিকপ্টার প্রতীক) লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জানে আলম ৩ নম্বর ওয়ার্ডের ফকিরাবাদে শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।