যেখানে মাদক, সেখানে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে গতকাল সোমবার কমিউনিটি পুলিশ ও শান্তি-শৃঙ্খলা কমিটির উদ্যোগে মাদকবিরোধী গণমিছিল হয়েছে। গণমিছিল থেকে ঘোষণা দেওয়া হয়, যেখানে মাদক, সেখানেই অভিযান চালাবে পুলিশ।
গতকাল বেলা ১১টার দিকে শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে গণমিছিলটি বের হয়। মিছিলে পুলিশ কর্মকর্তা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, পৌরসভার কাউন্সিলর এবং পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।
দড়াটানা মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, যশোরকে মাদকমুক্ত করার জন্য ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে পুলিশ। জেলাকে মাদকমুক্ত করতে বর্তমানে ১০০ দিনের কর্মসূচি চলছে। এর আওতায় যেখানে মাদক, সেখানেই অভিযান চলবে। এ কর্মসূচি সফল করতে সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিক ও রাজনৈতিক নেতাসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মিছিলে অন্যান্যের মধ্যে ছিলেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন আর রশিদ ও যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর।
যশোর জেলা পুলিশ ১০ ফেব্রুয়ারি মাদকবিরোধী ১০০ দিনের কর্মসূচি শুরু করেছে। ৯ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।