যেখানে যাই সেখানেই বাংলাদেশের পক্ষে কথা বলি: রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে দাতা সংস্থাগুলোর সাহায্য বাড়াতে কাজ করবেন বলে তিনি জানান। গতকাল শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে রুশনারা কথা বলেন।রুশনারা বলেন, ‘যুক্তরাজ্যের মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করে না। এ ব্যাপারে তাঁদের আগ্রহ কম। সাধারণ মানুষের মতো বর্তমান সরকার এ ব্যাপারে উদাসীনতা দেখাতে চায়। কিন্তু আমরা চাপে রাখছি।’ রুশনারা বলেন, ‘আমি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। যেখানেই যাই, সেখানেই বাংলাদেশের পক্ষে কথা বলি। যুক্তরাজ্যের সরকার থেকে যে সাহায্য পেয়েছে বাংলাদেশ, তা প্রয়োজনের তুলনায় কম। আরও বেশি পাওয়ার কথা।’বাংলাদেশে আসা-যাওয়া প্রসঙ্গে রুশনারা বলেন, ‘যখনই আসি তখনই আমি দুই দলের প্রধানদের সঙ্গে কথা বলি। তাঁরা এ ব্যাপারে খুবই সচেতন। আমি চাই, বাংলাদেশের গণতন্ত্র সব সময় শক্তিশালী থাকুক। সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে রুশনারা বলেন, ‘বিগত দিনে এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সেসব নির্বাচন প্রশংসিতও হয়েছে। বর্তমান সরকার আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ’সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ রুশনারার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।