যেখানে যাচ্ছে সেখানেই দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর এবার বিশ্ববাজারেও চালের দাম বাড়তে শুরু করেছে। আর বাড়ছে সেই সব দেশে, যেখান থেকে বাংলাদেশ চাল আমদানি করতে চাইছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, চালের বিশ্ববাজারে সংকটের বড় ধরনের আলামত দেখা যাচ্ছে।

বাংলাদেশের আগে বিশ্ববাজার থেকে চাল আমদানির চেষ্টা করেছিল শ্রীলঙ্কা, এবার এই দলে নতুন করে যোগ দিয়েছে ফিলিপাইন। বিশ্বের সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী দেশ চীনে এবার চালের উৎপাদন কম হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই দেশ বিশ্ববাজার থেকে আমদানি শুরু করলে চালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

দেশের মধ্যে সব ধরনের চালের দাম এখন ইতিহাসে সবচেয়ে বেশি। চালের সংগ্রহ অভিযান এখন পর্যন্ত ব্যর্থ। সরকারি গুদামে চালের মজুতও এখন সর্বনিম্ন। আর এখন বিশ্ববাজার থেকেও খুব দ্রুত চাল মিলছে না। ফলে সব মিলিয়ে চাল নিয়ে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ।

খাদ্য মন্ত্রণালয়ের চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী রাজধানীর বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক বছরে মোটা চালের দর বেড়েছে ৪২ শতাংশ। মাঝারি ও চিকন চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৮ থেকে ৫৬ টাকায়।

বিআইডিএসের ইমেরিটাস ফেলো এম আসাদুজ্জামান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দেশে চালের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বিবেচনা করলে চালের দর আর যা–ই হোক, ৪৮ টাকা হওয়ার কথা নয়। ব্যবসায়ীরাও বুঝে গেছেন, সরকারের কাছে চালের বাজারে হস্তক্ষেপ করার মতো মজুত নেই। তাই তাঁরা দাম বাড়িয়ে দিয়েছেন। আবার চালকল ও ব্যবসায়ীদের কাছে কত মজুত আছে, তা-ও সরকারের জানা নেই। ফলে চাল নিয়ে সরকার অন্ধকারে আছে।

বাংলাদেশ সরকার ভিয়েতনাম থেকে ১০ লাখ টন চাল আমদানির জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। গত এক মাসে দেশটি প্রতি টন চালের দাম ১ হাজার ১২০ টাকা বা ১৪ ডলার বাড়িয়ে দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় এখন ভারত ও থাইল্যান্ড সরকারের কাছে মোট ৭ লাখ টন চাল আমদানির আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছে। এই দেশ দুটিও গত এক মাসে প্রতি টনে দাম বাড়িয়েছে যথাক্রমে ১৩ ও ৮ ডলার।

খাদ্য মন্ত্রণালয় থেকে গত বুধবার প্রকাশিত দৈনিক খাদ্যশস্য প্রতিবেদনে চালের দামের এসব তথ্যের উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ, জাতিসংঘের এফএও এবং বেসরকারি খাতের চাল ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে খাদ্য মন্ত্রণালয় নীতিনির্ধারণের জন্য ওই প্রতিবেদন তৈরি করেছে।

কৃষি ও খাদ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এম আসাদুজ্জামান এ ধরনের পরিস্থিতির জন্য খাদ্যমন্ত্রী ও মন্ত্রণালয়কে দায়ী করেছেন। তিনি বলেন, সরকারের চালের মজুত এখন ২ লাখ টনের নিচে নেমে এসেছে। অথচ তা কমপক্ষে ৬ লাখ টন থাকা উচিত ছিল। যখনই মজুত ৫ লাখ টনের নিচে নেমে গেছে, তখনই খাদ্যমন্ত্রীর উচিত ছিল নিজে উদ্যোগ নিয়ে বা সরকারের আরও শীর্ষ মহলে যোগাযোগ করে যেকোনো উপায়ে মজুত বাড়ানো। চালের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি বিষয় নিয়ে এ ধরনের অবিবেচকের মতো আচরণ ভারত বা যুক্তরাজ্যে হলে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন নিয়েই প্রশ্ন উঠত।

এদিকে, এফএও গত শুক্রবার বিশ্বের চালের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘ফুড আউটলুক-২০১৭, জুন’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েক বছর ধরে কমার পর আবার বিশ্ববাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ফিলিপাইনে চাল উৎপাদন কম হওয়ায় তারা আবারও বিশ্ববাজার থেকে চাল আমদানি শুরু করেছে। আর তাতেই দাম বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে চীনে চালের উৎপাদন কমে যাওয়া। চীন বিশ্ববাজারে আমদানি শুরু করলে চালের দাম আরও বাড়তে পারে বলেও জাতিসংঘের সংস্থাটি আশঙ্কা করেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশকে দ্রুত চাল আমদানির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। তাঁরা চালের বিশ্ববাজারে ২০০৮-০৯-এর প্রতিধ্বনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ, হঠাৎ করে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে তা বাংলাদেশের মতো দেশের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কাজী সাহাবউদ্দিন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চালের আন্তর্জাতিক বাজারে দাম বেশ ঊর্ধ্বগতির দিকে। দাম আরও বাড়ার আগে সরকারের উচিত দ্রুত চাল আমদানি করা। বেসরকারি খাতের মাধ্যমে চাল আমদানির সুযোগ করে দিতে শুল্ক কমাতে হবে। নয়তো সংকট তীব্রতর হয়ে অনেক বেশি দামে চাল কিনে খেতে হবে।

এই পরিস্থিতির সঙ্গে সরকারি গুদামে চালের মজুত কমে যাওয়ায় বাংলাদেশে সংকট আরও তীব্রতর হতে পারে বলে মনে করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সরকারি গুদামে এখন মাত্র ১ লাখ ৯৮ হাজার ৭৯ টন চাল রয়েছে। গত বছরের একই সময়ে চালের মজুত ছিল ৫ লাখ ৮৫ হাজার টন।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘যেসব চালকল সরকারকে চাল দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ খাদ্য সংগ্রহ আইনেই রয়েছে। এসব চালকলের তালিকা করছি। আর যারা সরকারকে চাল দিচ্ছে, তাদের পরের বছর অগ্রাধিকার ও বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ২ মে থেকে শুরু হওয়া সরকারের ৯ লাখ টন বোরো সংগ্রহের গতিও হতাশাজনক। গত বছর ১০ লাখ ২১ হাজার টনের বেশি বোরো সংগ্রহ করেছিল সরকার। এবার এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে মাত্র ১১ হাজার ৪৮২ টন। খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ১৬ হাজার চালকলের মধ্যে মাত্র আড়াই হাজার চালকল সরকারকে চাল দিতে রাজি হয়েছে। সবার চাল এলেও তা ২ লাখ ৮ হাজার টনের বেশি হবে না। ফলে বাকি চাল এখন আমদানি করে মজুত বাড়ানোর পরিকল্পনা সরকারের।

এ ব্যাপারে জানতে চাইলে কিছুটা উত্তেজিত হয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আপনারা তো লিখছেন যে বাংলাদেশে মানুষ চাল কম খাচ্ছে। এখন কী লিখবেন? মানুষ ভাতের ফ্যান খাচ্ছে?’ এরপর বিশ্ববাজারে চালের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে চালের দাম নিয়ে তো লুকোচুরির কিছু নাই। কত দাম, তা ইন্টারনেট থেকেই মানুষ জানতে পারে। ফলে দাম কত থাকবে, আমরা কত দামে চাল আনব, তখন তা সবাই জানতে পারবে।’ ভিয়েতনামের প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে দাম নিয়ে আলোচনা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘সেখানে যে দাম ঠিক হবে, সেই দামে আমরা চাল আনব।’

খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ দিনে বিশ্ববাজারে বিক্রির জন্য ভারত ও ভিয়েতনাম প্রতি কেজিতে চালের দাম বাড়িয়েছে আড়াই টাকার বেশি। থাইল্যান্ড বাড়িয়েছে আরও বেশি, সাড়ে ৬ টাকা। বাংলাদেশ সাধারণত পাকিস্তান থেকে চাল আমদানি করে না। সেখানে চালের রপ্তানি মূল্য অপরিবর্তিত। বাংলাদেশে তাদের প্রতি কেজি চালের দর দাঁড়াবে ৩৭ টাকা ৯১ পয়সা। গত ১৪ মে এই দাম ছিল ৩৭ টাকা ৮৬ পয়সা।

আগ্রহ প্রকাশ বা সমঝোতা স্মারকে সই করার পর আমদানি করা চাল আসতে এক থেকে দুই মাস লেগে যায়। যেমন ভিয়েতনামের সঙ্গে খাদ্যমন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করে এসেছেন। এরপর চলতি মাসে ভিয়েতনামের খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশে এসে চালের পরিমাণ ও দামের বিষয়টি চূড়ান্ত করবে। তারপর আরও এক মাস লাগবে বাংলাদেশে চাল পাঠাতে। ফলে ভিয়েতনাম, ভারত ও থাইল্যান্ড থেকে বাংলাদেশকে ভবিষ্যতের বাড়তি দামেই চাল আমদানি করতে হবে।

মধ্যবর্তী এই সময়ের মধ্যে চালের দাম কমাতে বাজারে হস্তক্ষেপ করার মতো কোনো উপাদান সরকারের হাতে নেই। ব্যবসায়ীরাই ভরসা। খাদ্য মন্ত্রণালয় সূত্র বলছে, সরবরাহ বাড়বে এবং ব্যবসায়ীরা চালের দাম কমাবেন—এর অপেক্ষায় আছে এখন সরকার।