যেখানে যানবাহনে হামলা সেখানেই পাল্টা প্রতিরোধ
হরতালের আগে-পরে যেখানেই যানবাহনে হামলা, সেখানেই পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি।বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় আঞ্চলিক কমিটি ও বগুড়ার পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবারের আধা বেলা ধর্মঘট পালনকালে বগুড়া শহরে বের করা মালিক-শ্রমিকদের একটি বিশাল লাঠিমিছিল শেষে সাতমাথা চত্বরের সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি হরতালের নামে নির্বিচারে যানবাহনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বাসযাত্রী ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও বগুড়ার মালিক-শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি বৃহস্পতিবার উত্তরাঞ্চলজুড়ে আধা বেলার ওই ধর্মঘট ও লাঠিমিছিলের ডাক দেয়। বগুড়ার সাতমাথা চত্বরের মালিক-শ্রমিক যৌথ কমিটির সমাবেশে বগুড়া মোটর গ্রুপের সভাপতি শাহ মো. আখতারুজ্জমান বলেন, হরতাল করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের আগে-পরে নির্বিচারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরিকল্পিতভাবে পরিবহন ব্যবসাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অথচ এ ব্যবসার সঙ্গে লাখ লাখ মালিক-শ্রমিকের রুজিরোজগার জড়িত। বগুড়ায় পরিবহনে কারা এসব হামলা করছে, মালিক-শ্রমিকেরা তাদের ভালো করেই চেনেন। আগামী দিনে আর একটি গাড়িতে হামলা হলে হামলাকারীদের ঘর থেকে টেনে বের করে এনে উপযুক্ত জবাব দেওয়া হবে।বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল বলেন, অতীতে রাজনৈতিক আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপি কোনো দলই গণপরিবহনে এভাবে হামলা করেনি। অথচ গত কয়েক মাসে নির্বিচারে শত শত যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সারা দেশে আটজন শ্রমিককে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে।সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আবদুল হামিদ, বগুড়া মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সহসভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, পূর্ব বগুড়া মিনিবাস মালিক সমিতির সভাপতি মাইসুল তোফায়েল, আন্তজেলা ট্রাক শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান, পিকআপ ভ্যান মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাতমাথা গোহাইল রোড অটো টেম্পো মালিক সমিতির সভাপতি আলহাজ শেখ প্রমুখ।এর আগে বেলা ১১টার দিকে ধর্মঘটের সমর্থনে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিশাল লাঠিমিছিল বের করে মালিক-শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি। মিছিলটি সাতমাথা ও জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জলেশ্বরীতলা কালীমন্দির হয়ে আবারও সাতমাথায় ফিরে আসে।সমাবেশ শেষে হরতালের নামে সারা দেশে শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ১০ এপ্রিল কালো ব্যাজ ধারণ এবং ১৬ এপ্রিল মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।