যেখানে শেখা যাবে বাঁশি, পিয়ানো ও বেহালা
অবসর কাটানোর জন্য মানুষ অনেক ধরনের বিনোদনের সঙ্গেই যুক্ত থাকেন। ছবি, গান, নাচ থেকে শুরু করে নানা রকমের শখের কাজই তাঁরা করেন। শখ করে অনেকে বাদ্যযন্ত্র শেখেন। দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের প্রতি মানুষের আগ্রহও কম নয়। রাজধানীতে বাঁশি, পিয়ানো ও ভায়োলিনের মতো বাদ্যযন্ত্র শেখার অনেক প্রতিষ্ঠান আছে।
ছায়ানট:
বাঁশি ও বেহালা শেখা যাবে ছায়ানটে। প্রতি শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় বেহালা শেখার ক্লাস। আর বাঁশি বাজানো শেখা যাবে রোববার সন্ধ্যা ছয়টা থেকে। মাসে ফি ৪৫০ টাকা।
বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা):
এখানে চার বছর মেয়াদি কোর্স করানো হয়। বাঁশি ও বেহালা শেখা যাবে। ওয়াইজঘাট শাখায় শেখানো হয় বাঁশি। প্রতি শুক্র ও শনিবার। এদের অন্যান্য শাখায় বেহালা শেখা যাবে। ভর্তি ফি ১ হাজার ৬০০ টাকা আর মাসিক ফি ৫০০ টাকা।
সাউন্ড অব মিউজিক:
গুলশান ও বনানীতে পিয়ানো ও বেহালা শেখানো হয়। পিয়ানো শেখানো হয় প্রতি শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। পিয়ানোর ভর্তি ফি চার হাজার টাকা এবং মাসেও একই পরিমাণ ফি। শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং বুধবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত বেহালা শেখা যাবে। বেহালায় ভর্তি ফি চার হাজার টাকা। মাসিক ফি তিন হাজার টাকা।
ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল অ্যান্ড কলেজ:
পশ্চিম কাফরুলে অবস্থিত এ প্রতিষ্ঠানে বেহালা ও পিয়ানো শেখা যাবে। বেহালা বুধ ও বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এবং শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শেখানো হয়। শুক্রবার বাদে অন্যান্য দিন শেখা যাবে পিয়ানো। সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত, প্রতিদিন ৩০ মিনিট করে শেখানো হয়। বেহালা ও পিয়ানো শেখার ফি ১ হাজার ২০০ টাকা।
ব্লু নোট মিউজিক অ্যান্ড আর্টস একাডেমি:
এখানেও পিয়ানো ও বেহালা শেখা যাবে। বারিধারায় অবস্থিত এ প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার একজনকে এক ঘণ্টা করে শেখানো হয়। সময় বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা। দুটোরই ভর্তি ফি দেড় হাজার টাকা। পিয়ানোর মাসিক ফি চার হাজার এবং বেহালার সাড়ে তিন হাজার টাকা।
অল সেইন্টস ইউকে ইন্টারন্যাশনাল স্কুল:
প্রতিষ্ঠানটি পিয়ানো শেখায়। রোববার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়। ভর্তি হতে লাগবে ১ হাজার ২৯০ টাকা এবং মাসিক ফি ২ হাজার ১৫০ টাকা।
এসব প্রতিষ্ঠান ছাড়াও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান বাঁশি, পিয়ানো ও ভায়োলিন শিখিয়ে থাকে।