যেখানে সমস্যার অন্ত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকসহ চিকিৎসা কর্মকর্তাদের ২৭টি পদ রয়েছে। এর মধ্যে ১৬টি পদই শূন্য। নয়জন চিকিৎসা কর্মকর্তার পদ থাকলেও আছেন মাত্র তিনজন। শূন্য রয়েছে মেডিসিন, সার্জারি, অ্যানেসথেসিয়া, চক্ষু ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের পদও। এ ছাড়া এমও অ্যানেসথেসিয়া, এমও ভেষজ, এমও ডেন্টাল পদেও কেউ নেই। তার ওপর প্রেষণে আছেন নাক, কান, গলা ও শিশুরোগ বিশেষজ্ঞরা। এই লোকবল সংকটের কারণে হাসপাতালটির চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজও। লোকবল সংকটের পাশাপাশি হাসপাতালটিতে যন্ত্রপাতি সংকটও প্রকট। তিনটি অস্ত্রোপচার কক্ষের একটিও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স ও জেনারেটরও অকেজো অবস্থায় পড়ে আছে। জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ সিদ্দিক প্রথম আলোকে বলেন, জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকসহ জনবলের সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, রোগীদের প্রচণ্ড ভিড়। চাপ সামলাতে গিয়ে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন। অনেক রোগী বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন। এ সময় কথা হয় উপজেলার ভাটবাড়িয়া গ্রামের হতদরিদ্র বিলকিস আক্তারের (৩২) সঙ্গে। তিনি বলেন, তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আসমা আক্তার অনেক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। কিন্তু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না পেয়ে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। উপজেলার ইরুয়াইন গ্রামের কুলসুম বিবি (৫৩) বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু দুই ঘণ্টার পরও চিকিৎসক দেখাতে পারেননি। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেন বলেন, চিকিৎসা কর্মকর্তাদের বেশির ভাগ পদ ছাড়াও হাসপাতালটির সহকারী সার্জনের পাঁচটি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে। ফার্মাসিস্টের দুটি পদ থাকলেও চার বছর ধরে এগুলোও শূন্য। এ ছাড়া প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, অপারেশন থিয়েটার অ্যাটেনডেন্ট ও ক্যাশিয়ারের পদও শূন্য। শূন্য রয়েছে নার্সদের ১৫টি পদের মধ্যে ছয়টি ও স্বাস্থ্য সহকারীর ২৮টি পদও। তিনি বলেন, হাসপাতালের অফিস সহকারীর তিনটি পদও শূন্য। তা ছাড়া ওয়ার্ডবয়ের তিনটি পদের মধ্যে দুটি, এমএলএসএসের চারটি পদের মধ্যে দুটি ও ঝাড়ুদারের পাঁচটি পদের মধ্যে তিনটি পদ শূন্য রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটি সম্পূর্ণ অকেজো। অপরটি সচল থাকলেও রেডিওলোজিস্ট নেই। একমাত্র ডেন্টাল ইউনিটটি দীর্ঘদিন ধরে অকেজো। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সের একটি অকেজো। অপরটি নিয়ে দূরপাল্লায় যাওয়া যায় না। একমাত্র জেনারেটরটিও দুই বছর ধরে অচল। যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল হাসেম আনসারী এসব সংকটের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আইচ্ছ্যা আমন্যারার সাংবাদিকগো কোনো কাম কাইজ নাই? হগোলে হাসপাতালে আইয়্যা সমস্যা খোঁজেন। এইডি লেইখ্কা কী অইব, সরকার কিছু করে? সরকারের নাক চুলকানোর সময় নাই।’ উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়।