যেখানে সময়, সেখানেই ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কয়েকজন পরিবহন শ্রমিকের ইফতার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কয়েকজন পরিবহন শ্রমিকের ইফতার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

যশোর থেকে পিকআপ ভ্যানে মাছ নিয়ে ঢাকায় এসেছেন চালক শহীদুল ইসলাম। পথে পথে পুলিশকে দেওয়া চাঁদা বাবদ খরচ হয়েছে তাঁর প্রায় দুই হাজার টাকা। লাভ থাকে কি না, এই আশঙ্কায় এখন খরচ কমিয়ে এনেছেন তিনি। তাই ইফতার বাবদ খরচ করেছেন মাত্র ২০ টাকা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে নিজের পিকআপ ভ্যানের সামনে কয়েকটি ঠোঙা নিয়ে দাঁড়িয়ে ছিলেন শহীদুল। ঠোঙার ভেতরে ২০ টাকা দিয়ে কেনা খেজুর, পেঁয়াজু, বেগুনি ও চপ।
শহীদুল বলেন, ‘ইফতারির জন্য ওয়াইট করতাছি।’ ২০ টাকায় ইফতার হবে কি না প্রশ্ন করলে শহীদুল বলেন, ‘আয় বুইঝ্যা তো ব্যয় করতে অইব। পথে পথে পুলিশরে টাকা দিতে দিতে আয়-ব্যয় সমানে আইসা ঠেকছে।’
রাজধানীর কয়েকজন পরিবহনশ্রমিক জানালেন, ১৫ থেকে ২০ টাকা দিয়ে ব্যক্তিগত অথবা সম্মিলিতভাবে ইফতার করেন তাঁরা। কখনো কখনো পথেই ইফতার সারতে হয় তাদের।
কষ্ট হলেও এখন পর্যন্ত সব কটি রোজা রেখেছেন মো. কালু। বাকিগুলো রাখার ইচ্ছা তাঁর। কালু ঢাকা-ময়মনসিংহের শৌখিন এক্সপ্রেসের চালক। মহাখালী বাসস্ট্যান্ডে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, পথে ইফতারের সময় হয়ে গেলে দোকানের সামনে বাস থামান। তারপর সহযোগীদের নিয়ে ইফতার সারেন।
ইফতারের ১০/১৫ মিনিট আগে পলিথিনে ছোলা ও মুড়ি নিয়ে নেয় লেগুনার শিশুশ্রমিক খায়রুল আমিন। ফার্মগেটে লেগুনার চালকের সহযোগী হিসেবে কাজ করে সে। জানতে চাইলে খায়রুল জানায়, ‘আমাদের ইফতারির কোনো গ্যারান্টি নাই। যেখানেই সময় অয়, সেখানেই ইফতারি।’
অবশ্য মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর চালকদের পরিস্থিতি ভিন্ন। কাউন্টারের ভেতরে ইফতার করতে পারেন তাঁরা। চালক জহিরুল ইসলাম বলেন, তাঁদের মাঝপথে ইফতার করতে হয় না। কারণ ইফতারের আধঘণ্টা আগেই বাস চলাচল বন্ধ থাকে। কাউন্টারে প্রত্যেকে ২০ টাকা করে দিয়ে ১৪-২০ জন একসঙ্গে ইফতার করা হয় বলে জানান জহিরুল।
ইফতারের সময় হলে মায়ের কথা মনে পড়ে ১৪ বছরের শ্রমিক মো. দিদারের। মহাখালী বাসস্ট্যান্ডে কথা হয় তার সঙ্গে। সে জানায়, মাত্র আড়াই মাস আগে মাসে আড়াই হাজার টাকা বেতনে বাস মেরামতের চাকরি নিয়েছে সে। এই প্রথম বাড়ির বাইরে মাকে ছাড়া ইফতার করতে হচ্ছে তাকে।