যেখানে সাঁইর বারামখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও হাতে একতারা, কারও হাতে ডুগডুগি। তাঁরা সবাই ফকির লালন শাহের অনুসারী। লালন শাহের তিরোধান উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব থেকে গতকাল তোলা ছবি l কবির হোসেন
কারও হাতে একতারা, কারও হাতে ডুগডুগি। তাঁরা সবাই ফকির লালন শাহের অনুসারী। লালন শাহের তিরোধান উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব থেকে গতকাল তোলা ছবি l কবির হোসেন

বাউল, সাধু, ফকির, দরবেশ আর সাঁইদের সমাগম হয়েছে ছেঁউড়িয়ায়। এঁদের বেশভূষণের সঙ্গে জাত-কুল-ধর্মও ভিন্ন। এক জায়গায় তাঁরা অভিন্ন। তাঁরা সবাই ফকির লালন শাহের অনুসারী। তাঁদের সঙ্গে যোগ হয়েছেন হাজার হাজার ভক্ত-দর্শনার্থী। কারও হাতে একতারা, কারও হাতে ডুগডুগি। বাদ্যযন্ত্র আর আধ্যাত্মিক গানে মুখর কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি।
ফকির লালন শাহের ১২৪তম তিরোধান দিবসে গতকাল বৃহস্পতিবার থেকে ছেউড়িয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। সরকারিভাবে এখানে আলোচনা, লালনের গান আর মেলার আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই আখড়াবাড়ি পরিণত হয়েছে সাধু বাউলদের মিলনমেলায়। উৎসব শুরুর আগেই পুরো এলাকার সবটুকু ফাঁকা স্থান ভরে গেছে। ছোট ছোট করে আস্তানা গেড়েছেন বাউল ও ভক্তরা। বিকেলের পর সন্ধ্যা নামতেই ভিড় যেন জনস্রোতে পরিণত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলেরা সন্ধ্যার পরপরই সাঁইজির আরাধনায় ব্যস্ত হয়ে পড়েন। চিরাচরিত গুরুবাদী ধর্মের নিয়মে সূর্য ডোবার পরপরই শুরু হয় অষ্টপ্রহরের গুরুকার্য। যাঁর যাঁর গুরুর নামে ভক্তি দিয়ে সাধনসেবা শুরু হয়। রাখালসেবা বা বাল্যসেবা (পায়েস, মুড়ি) নিয়ে গান শুরু হয়। পুরো মাজার চত্বর একতারা আর ডুগির শব্দে মুখর হয়ে ওঠে। সাধুসঙ্গের পর রাতে বাউলেরা অধিবাস (খিচুড়ি খেয়ে) শুরু করেন। সাঁইজির আরাধনায় মত্ত থাকেন।
উৎসবকে কেন্দ্র করে সারা দেশ থেকে যেমন বাউলেরা এসেছেন, তেমনি দেশের বাইরে থেকে এসেছেন বাউল ও লালনভক্তরা। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আসা বাউল স্বপন অধিকারী বললেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় গান করেছেন; তবে কখনো সাঁইজির ধামে আসা হয়নি। এবার শুধুই সাঁইজির দর্শনে দুই দিন এখানেই কাটাবেন। আর আনন্দী ক্ষ্যাপীর আবেগটা যেন একটু ভিন্ন। অনেক পালাগান ও কীর্তন গান গেয়েছেন। তবে লালন দর্শনে তিনি অমৃত বাণী পেয়েছেন। তাই তো আত্মার টানেই সাঁইজির বারামখানায় ছুটে এসেছেন।
সন্ধ্যায় মূল মঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক আনোয়ারুল করিম। অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লালন একাডেমির শিল্পীরা। পরে অন বাউল শিল্পীরা গান গেয়ে ভক্ত-শ্রোতাদের মন জয় করেন।