
জামালপুর পৌরসভার গেটপাড়-কলেজ রোডে জরিনা মিয়ার উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের অবস্থান। শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটকের সামনে ময়লা আবর্জনার স্তূপ। নর্দমার ওপরেই ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকে কাপড় চেপে লোকজন ওই স্থান পার হচ্ছেন।
পৌরসভার বিভিন্ন স্থানে এ রকম ময়লা-আবর্জনার অসংখ্য স্তূপ রয়েছে। দুর্গন্ধে শহরবাসীর পথ চলা দায় হয়ে পড়েছে। তাঁদের অভিযোগ শহরে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় লোকজন যেখানে-সেখানে ময়লা ফেলছেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যথাযথ দায়িত্ব পালন করেন না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, শহরবাসী যথাযথ স্থানে ময়লা না ফেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার আয়তন ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার। ময়লা-আবর্জনা ফেলার জন্য ১১০টি আস্তাকুঁড় (ডাস্টবিন) রয়েছে। তবে এর বেশির ভাগ ভাঙাচোরা। এসব ডাস্টবিন ছাড়াও বিভিন্ন স্থানে শহরবাসী ময়লা-আবর্জনা ফেলেন। এসব স্থান থেকে প্রতিদিন ময়লা সরানো হয় না এবং ভালোভাবে পরিষ্কারও করা হয় না।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, শহরের গোলাপবাগ বিএম টেকনিক্যাল কলেজ ও গোলাপবাগ নতুন হাইস্কুলের সামনে, শহীদ হারুন সড়কের গণগ্রন্থাগারের পাশে, শহীদ হারুন সড়কের মিয়াপাড়া, মুসলিমাবাদ মোড়, নতুন কলেজ রোড, তুরু ছায়া আবাসিক এলাকার সামনে, নয়াপাড়া মোড়, নতুন হাইস্কুলের গেট, ইকবালপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, নতুন কুঁড়ি কোচিং সেন্টারের পাশে, স্টেশন রোড জরিনা মিয়ার উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের গেট, স্টেশন রোড এলাকা এবং গেটপাড় ট্রাফিক বক্সের পেছনে ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার লোকজন দুর্গন্ধ থেকে রক্ষা পেতে নাক চেপে ধরে চলাচল করছেন।
শফি মিয়ার বাজার এলাকার বাসিন্দা ইব্রাহিম আলী বলেন, ‘জরিনা মিয়ার উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের গেটসংলগ্ন ড্রেনের ওপরে কয়েক বছর ধরেই ময়লার স্তূপ দেখছি। সব সময় দুর্গন্ধ ছড়ায়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কোনো দিনই ভালোভাবে পরিষ্কার করতে দেখিনি।’
জেলা পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, সচেতনতার অভাবে শহরবাসী ময়লা-আবর্জনা যত্রতত্র রাস্তার ওপর ফেলে যান। ফলে শহর অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এ জন্য পৌরবাসীকে সচেতন করতে হবে। পৌর কর্তৃপক্ষকেও ডাস্টবিনের সংখ্যা বাড়াতে হবে।
শহরবাসী সচেতন না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন মেয়র মির্জা সাখাওয়াতুল আলম। তিনি বলেন, শহরে প্রতিটি এলাকা ও মোড়ে পৌরসভার ডাস্টবিন রয়েছে। তারপরও সাধারণ মানুষ ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলে রাস্তার ওপরে, বাড়ির সামনে ও মোড়ের মধ্যে ফেলে রাখে। পরিচ্ছন্নতাকর্মীদের পরিষ্কার করতে বেগ পেতে হচ্ছে। তবে আগের তুলনায় শহর পরিচ্ছন্ন হয়েছে।