হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ আপনাদের মাতৃভূমি এবং আপনারা এ দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমরা চাই আপনারা আপনাদের নিজ অধিকারবলে এ দেশে বসবাস করবেন। কেউ আপনাদের এ দেশ থেকে সরাতে পারবে না।’ তিনি বলেন, দেশের সব মানুষ সমানাধিকার নিয়ে বসবাস করবে এবং স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। খবর বাসসের।
গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত জোট সব ধর্মের মানুষের ওপর বর্বরতা চালিয়েছে। তাদের হাত থেকে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান কেউ রেহাই পায়নি। তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক তপন কান্তি দাস, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক এবং জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ পালিতও বক্তৃতা করেন। ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
যেখানে–সেখানে কারখানা নয়: প্রধানমন্ত্রী বলেছেন, সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মূল্যবান জমি ও পরিবেশ ধ্বংস না করে শিল্পের জন্য নির্ধারিত স্থান গড়ে তুলতে হবে। যেখানে-সেখানে শিল্প-কারখানা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। গতকাল মতিঝিলে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
পরিবেশবান্ধব শিল্প গড়তে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব সময় পরিবেশবাদীদের ‘হইচই’ শুনতে হবে, এমন কোনো কথা নয়। প্রতিটি জেলায় শিল্পাঞ্চলের জন্য স্থান নির্ধারণ ও এ লক্ষ্যে জরিপ চালাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও নির্দেশ দিয়েছেন তিনি।
দেশের সাতটি অঞ্চলে বিশেষ শিল্পাঞ্চল স্থাপনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় ও বিদেশি বিনিয়োগের উপযোগী আরও স্থান খুঁজে দেখা হচ্ছে। তিনি বলেন, সরকার আর কোনো পাটকল বিক্রি করবে না বরং এসব স্থাপনাকে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘শিল্প প্লটে’ রূপান্তর করা হবে। তিনি সারের উৎপাদন শুরু করতে কাফকোতে গ্যাস সরবরাহের নির্দেশ দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ মঈনউদ্দিন আবদুল্লাহ বক্তৃতা করেন।