যেটুকু পেয়েছি তা কম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তিস্তা পানি বণ্টন চুক্তি না হলে ট্রানজিট চুক্তিও হবে না। গতকাল শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আমনের চারা এবং নগদ অর্থ বিতরণকালে তিনি এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে আমরা যা চেয়েছিলাম, এর সব পেয়েছি, এটা বলব না। তবে যেটুকু পেয়েছি, তা কোনো অংশেই কম নয়। পোশাকশিল্পের ৪৬টি পণ্যের শুল্কমুক্ত কোটা, তিনবিঘা করিডর খোলাসহ আরও অনেক কিছু পেয়েছি আমরা।’ বিরোধী দলকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ট্রানজিট চুক্তির বিষয়ে যাঁরা বাংলাদেশ ভারত হয়ে যাবে বলে ছাগলের বাচ্চার মতো লাফালাফি করেছেন, এখন তাঁদের মুখ বন্ধ।এর আগে কৃষিমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কৃষিমন্ত্রী উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৮০ জন কৃষকের মধ্যে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং তিনটি ইউনিয়নের ৩৫০ জন গৃহহীন পরিবারের সদস্যের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।এ সময় মন্ত্রীর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক মো. নাছিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) অনিমেষ চন্দ্র রায়, শেরপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক মোকছেদুল রহমান উপস্থিত ছিলেন।