যেতে চাইছে না বর্ষার মেঘ
ভোর ছয়টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত অঝরে ঝরল বৃষ্টি। এখনো আকাশের মুখ গোমড়া। আবহাওয়াবিদেরা বলছেন, বাংলাদেশের আকাশ থেকে বর্ষার মেঘ সরতে চাইছে না। তবে যাওয়ার বেলায় মেঘের এই আচরণ নতুন নয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকে ৩০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকার আগারগাঁয়ে। আশপাশের এলাকাগুলোয় হয়তো আর একটু বেশি হতে পারে। তবে ভাদ্রের শেষপর্যায়ে এসে এমন ধারার বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। বর্ষার মেঘ হয় খুব দ্রুত সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, নয়তো আরও কিছু দিন থেকে যাওয়ার জন্য জোর করছে। সে কারণেই দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আবহাওয়া-বিজ্ঞানের হিসাবে বর্ষার এখন যাওয়ার সময় হয়ে এসেছে।
বজ্রপাতের বাড়াবাড়িও এ সময়ের আরেকটি বৈশিষ্ট্য। ১ সেপ্টেম্বর এক দিনে বজ্রপাতে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সানাউল হক প্রথম আলো ডটকমকে বলেন, বর্ষার শেষার্ধে এই বৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য হলো, সারা দেশে ছড়িয়ে পড়ে না; একই অঞ্চলে ঝরতে পছন্দ করে। গতকাল ভোর ছয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ঢাকার বাইরে হাতে গোনা কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। চাঁদপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৮ মিলিমিটার, সন্দ্বীপে ৩৯ মিলিমিটার, কুমিল্লায় ১৬ মিলিমিটার, খুলনায় ১ মিলিমিটার, সৈয়দপুরে ১ মিলিমিটার, সিলেটে ৮ মিলিমিটার ও হাতিয়ায় ৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাতের যে হার, তাকে খুব বেশি বলা যাবে না কোনোভাবেই। এই বর্ষায় দেশের কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার রেকর্ড আছে।
কিন্তু স্বল্প বৃষ্টিতেও অস্থির হয়ে উঠেছে ঢাকার মানুষ। নিচু জায়গাগুলোয় পানি জমে গেছে এরই মধ্যে। পশ্চিম রাজাবাজারে বৈদ্যুতিক মিস্ত্রি মাকসুদ মিঞা ও গৃহকর্মী শাহনাজ বেগমের বাসা। মূল সড়ক থেকে কিছুটা নিচে বাসার অবস্থান। সকাল থেকে ছেলেমেয়ে নিয়ে তাঁরা খাটে বসে থেকেছেন। সিএনজি অটোরিকশাচালক শাহজাহান মিঞা জানান, মোহাম্মদপুর গ্লাস ফ্যাক্টরির সামনে সওয়ারি নিয়ে বসে আছেন অনেকক্ষণ। তিনি বলেন, ‘যানজট আছেই, খারাপ না। অন্যান্য দিনও থাকে। বৃষ্টি হইলে বেশি।’ দুর্ভোগে পড়েছেন অফিসমুখী মানুষ, স্কুলগামী শিশু আর তাদের অভিভাবকেরা। সময়মতো কর্মস্থলে পৌঁছুতে পারেননি অনেকে। বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা সায়মা বেগম বলেন, অন্যান্য দিন রিকশায় যেখানে ১২-১৫ মিনিটের মধ্যে পৌঁছান, আজ সেখানে আধা ঘণ্টার বেশি সময় লেগেছে। আর ভাড়াও বেশি গুনতে হয়েছে।