জন্মের পর নবজাতকের মুখে মধু দেওয়া পুরোনো রীতি। ভেষজগুণের এই তরল রোগবালাই দূরে রাখে, শরীরকে রাখে ভালো। তাই গ্রামবাংলা, এমনকি শহরের মানুষের কাছে রয়েছে এর আলাদা কদর। ফুল থেকে ফুলে ঘুরে মৌমাছি মধু আহরণ করে মৌচাকে জমায়। আর সেই চাক থেকে সংগ্রহ করা হয় মধু। ঔষধি গুণাবলির জন্যই হোক, আর খাঁটি মধুর খানিকটা দুষ্প্রাপ্যতার জন্যই হোক, মধুর দাম একটু বেশিই। মধু-চাষে তাই লাভও বেশি।ভ্রাম্যমাণ পদ্ধতিতে মধু ও মৌমাছির চাষ করে সাফল্য পেয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার বুরুতলা গ্রামের হুমায়ূন কবীর। বৈশাখ-জ্যৈষ্ঠ মাস আম, কাঁঠাল ও লিচুর মৌসুম। এ সময় আম ও লিচুর বাগানে মৌমাছির বাক্স রেখে মধু সংগ্রহ করেন তিনি। এরপর হাত গুটিয়ে বসে থাকতে হয় না। মৌমাছির ঘর নিয়ে যান বিভিন্ন স্থানে। তাঁর পালা মৌমাছির দল কখনো বাগান, কখনো খেত, আবার কখনো বিল-ঝিলে ফুটে থাকা ফুল থেকে মধু আহরণ করে। যেখানে ফুল, সেখানে মধু ও মৌমাছির চাষ করে চলেছেন হুমায়ূন কবীর। হুমায়ূন কবীর জানান, আগেই মধু-চাষের ওপর প্রশিক্ষণ নেওয়া ছিল তাঁর। প্রায় ৬০ বিঘা জমির ওপর তাঁদের একটি বাগান আছে। সেখানে আম, জাম, কাঁঠাল, আগর, জাফরান, বাউকুল, লিচুসহ আরও অনেক জাতের গাছ আছে। ফলদ গাছের মধ্যে লিচুই বেশি। অনেকটা শখের বশেই পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন মধু-চাষ। জোগাড় করেন রানি মৌমাছি। ২০০৮ সালে বাগানে মধু-চাষের জন্য তিনটি মধুঘর বা কাঠের তৈরি বাক্স স্থাপন করেন। প্রথম বছরেই প্রতিটি বাক্স থেকে অনেক মধু সংগ্রহ করেন। পরের বছর ৪০ লিটার মধু বিক্রি করেন। মৌমাছি শুধু মধুই আহরণ করে না, পতঙ্গটি ফুলের পরাগায়ন ঘটাতেও সাহায্য করে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধু আহরণ শুরু করেন হুমায়ূন কবীর। মে পর্যন্ত তিনি এক হাজার লিটার মধু পেয়েছেন। তিনি বলেন, ‘দাবদাহের কারণে এবার মৌমাছির খাবারের সংকট ছিল। সময়মতো বৃষ্টি না হওয়ায় ফুলে রস ছিল না। বৃষ্টি হলে এবার আরও বেশি মধু পাওয়া যেত।’ ৩০০ টাকা কেজি দরে তিন লাখ টাকার মধু তিনি বিক্রি করেছেন। ১০টি প্লেটের একটি বাক্স থেকে কম করে হলেও ১০ কেজি মধু সংগ্রহ করা যায়। ৩৫টি কাঠের বাক্স বানাতে তাঁর দুই লাখ ৮৩ হাজার টাকা খরচ হয়েছে।এখন লিচু নেই। তাই বলে বসে থাকলে চলবে না। মৌ-বাক্স নিয়ে হুমায়ূন কবীর ছুটে গেছেন নরসিংদীর পাচদোনাতে। সেখানে ধঞ্চে খেতে ফুল এসেছে। খেতে ২৫টি মৌ-বাক্স স্থাপন করেছেন। আরও মাসখানেক খেতে ধঞ্চে ফুল থাকবে। তত দিন সেখানে মধু-চাষ চলবে। ধঞ্চের মৌসুম শেষ হলে মৌমাছি নিয়ে বাড়ি ফিরবেন। মৌ-বাক্সগুলো রাখবেন বাগান ও বাড়ির আশপাশে। বাড়ির পাশের হাইল হাওরের বিল-ঝিলে প্রচুর শাপলা ও পদ্মফুল ফোটে। সেই ফুল থেকে তাঁর মৌমাছির দল মধু আহরণ করবে। যেখানেই আছে ফুল, সেখানেই যাবে হুমায়ূনের মৌমাছির দল। মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী বলেন, ‘হুমায়ূন কবীর লিচুর মুকুল দিয়ে মধু-চাষ করেছেন। তবে সেটা অন্য ফুলেও স্থানান্তর করা যাবে। এই এলাকায় সরিষা ভালো হয়। সরিষা খেতে মধুর চাষ করা যেতে পারে।’