যেদিন দরপত্র সেদিনই কার্যাদেশ পরদিন উদ্বোধন!
দরপত্র গ্রহণের দিনই কার্যাদেশ দিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও বিদায়ী মেয়র শফিকুল আজম খান। আর কাজটি করছেন তাঁরই চাচাতো ভাই মনিরুল আলম খান (মিন্টু খান)। শোভন এন্টারপ্রাইজের নামের একটি প্রতিষ্ঠানের নামে এই কার্যাদেশ দেওয়া হয়েছে। শোভন এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলাম হচ্ছেন মনিরুল আলমের ব্যবসায়িক অংশীদার।পৌরসভা অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ লাখ ২৮ হাজার টাকার কাজের দরপত্র বিক্রি হয়েছে মাত্র চারটি আর জমা পড়েছে তিনটি। জমা পড়ার দিনই বাছাই এবং কার্যাদেশ দেওয়া হয়েছে। পরদিন করা হয়েছে নির্মাণকাজের উদ্বোধন। কাজটি দেওয়া হয়েছে মনিরুল আলমের অংশীদার সিরাজুল ইসলামের লাইসেন্সে। দরপত্রে উল্লিখিত দরের শতকরা মাত্র শূন্য দশমিক ৫ টাকা কমে কার্যাদেশ দেওয়া হয়েছে। এদিকে পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিরুল ইসলাম খান জানান, তাঁকে এখনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, যে কারণে বিস্তারিত বলতে পারছেন না। কালীগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী অহেন্দ্র নাথ জানান, যেকোনো দরপত্র গ্রহণের সর্বনিম্ন পাঁচ দিনের আগে কার্যাদেশ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পৌরসভার একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি দলের লোকজন ঠিকাদারদের দরপত্র ক্রয়-বিক্রয়ে বাধা দিয়ে নিজেরা কাজ ভাগাভাগি করে থাকে। এ ব্যাপারে টার্মিনাল নির্মাণকাজের দরপত্র গ্রহণ কমিটির সভাপতি পৌরসভার কাউন্সিলর হজ্জেল হক জানান, ১৫ ফেব্রুয়ারি টেন্ডার কমিটির সভা করেছেন। সেখানে টার্মিনাল নির্মাণকাজের বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৪ তারিখে তাঁরা সভা করেছেন। যেখানে ঠিকাদার নির্বাচন করে কার্যাদেশ দেওয়া হয়েছে। এত দ্রুত কার্যাদেশ দেওয়া প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি। টেন্ডার কমিটির আরেক সদস্য রহিমা খাতুন জানান, ১৪ তারিখে পৌরসভায় মাসিক সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় সেই সভায় যেতে পারেননি। পরে সন্ধ্যায় পৌরসভার কর্মচারী হাফিজুর রহমান তাঁর বাড়িতে এসে উপস্থিতির স্বাক্ষর নিয়ে গেছেন। টেন্ডারে অনিয়ম হয়েছে কি না, জানতে চাইলে পৌর প্রকৌশলী মিজানুর রহমান আরও জানান, অফিসের বাইরে কোনো কিছু হয়েছে কি না, তা তাঁদের জানা নেই। একই দরপত্র জমা, কার্যাদেশ দেওয়া ও নির্মাণকাজ শুরু প্রসঙ্গে তিনি জানান, কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। কাজের ঠিকাদার মনিরুল আলম খান জানান, তাঁরা নিয়মতান্ত্রিকভাবে দরপত্র জমা দিয়ে কাজটি পেয়েছেন। ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে। আশা করছেন দ্রুত কাজটি শেষ করবেন। এই কাজটি তাঁরই অংশীদার সিরাজুল ইসলামের নামে বলে উল্লেখ করেন। সিরাজুল ইসলাম জানান, তাঁরা একসঙ্গে কাজ করেন।