বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত সম্প্রতি কিশোরগঞ্জে একটি অনুষ্ঠানে এসেছিলেন। শহরের রাস্তাঘাট দেখে তিনি খুবই মর্মাহত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে শহরের রাস্তাঘাট যত ছোট, সেই শহরের মানুষের মনও থাকে ছোট। কিশোরগঞ্জে একাধিক প্রথিতযশা রাজনীতিবিদ, সমাজকর্মীর জন্ম হয়েছে। কিন্তু শহরের রাস্তাঘাট দেখে হতাশ হয়েছি। বর্তমান সরকারে এ জেলার একাধিক প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, অথচ এখনো কেন শহরে জরাজীর্ণ-অপ্রশস্ত সড়ক?’ তাঁর এ বক্তব্যকে সেদিন উপস্থিত শত শত মানুষ সমর্থন জানিয়েছিল। কারণ, এটিই শহরবাসীর মনের কথা।কিশোরগঞ্জ যেন এক বিধ্বস্ত শহর। প্রধান প্রধান সড়কসহ শহরের অলিগলির শতাধিক সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরা। গোটা শহরে একটি ভালো সড়ক খুঁজে পাওয়া যাবে না। ১৪০ বছরের পুরোনো কিশোরগঞ্জ পৌরসভায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। শহরবাসীর মতে, কিশোরগঞ্জ পৌরসভার প্রধান সমস্যাগুলো হচ্ছে:অপ্রশস্ত রাস্তা, দুঃসহ যানজট: শহরের প্রধান ২০টি সড়কসহ অলিগলিতে রয়েছে শতাধিক সড়ক। কোনো একটি সড়ক পূর্ণাঙ্গভাবে ভালো নেই। শহরের স্টেশন সড়ক, ঈশা খাঁ সড়ক, ফিশারি, হারুয়া, বড় বাজার, গাইটাল শ্রীনগর ও গাইটাল ময়মনসিংহ সড়কসহ এমন কোনো সড়ক পাওয়া যাবে না যেখানে খানাখন্দ নেই। ভাঙাচোরা এসব সড়কে প্রতিদিন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া শহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। দুঃসহ যানজটের কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জলাবদ্ধতা: পৌর এলাকার বেশির ভাগ অংশে রয়েছে স্থায়ী জলাবদ্ধতা। শোলাকিয়া নীলগঞ্জ মোড়, হায়দার রোড, চর শোলাকিয়া, নগুয়া, জোড়া পুকুরপাড় ও বত্রিশ এলাকার পুকুর এবং খানাখন্দের পানি উপচে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষ প্রতিবছর লাখ লাখ টাকা খরচ করে অপরিকল্পিতভাবে নালা নির্মাণ করে, কিন্তু সেগুলো বাস্তবে কোনো কাজে আসে না। শহরের মাঝ বরাবর নালা নির্মাণ করে প্রবহমান নরসুন্দা নদে সংযোগ দিলে পৌর এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে অভিজ্ঞরা মত দিয়েছেন।জানা গেছে, প্রতিবছর পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণে আট থেকে ১০ লাখ টাকা খরচ করে। এসব নালা বাস্তবে কোনো কাজে আসে না। নালার পানির গন্তব্য কোথায় হবে, তা পৌর প্রকৌশল বিভাগ জানে না। তার পরও এসব অপরিকল্পিত নালা নির্মাণ করা হচ্ছে।ডাস্টবিনহীন অপরিচ্ছন্ন শহর: প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কিশোরগঞ্জ পৌর এলাকায় কোনো ডাস্টবিন নেই। ফলে সারা শহরে, পাড়া-মহল্লায়, অলিগলিতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধময় শহরে পরিণত হয়েছে এটি। এদিকে অগভীর নালার ওপর ময়লা ফেলার কারণে বিভিন্ন স্থানে নালা উপচে নোংরা পানিতে সয়লাব হয়ে যাচ্ছে চারদিক।মশার জ্বালায় অতিষ্ঠ: শুধু রাতে নয়, দিনেও মশার উপদ্রব চলছে। পৌর এলাকার ছোট-বড় অসংখ্য ডোবা ও ঝোপ-জঙ্গলে মশা বংশ বৃদ্ধি করে চলেছে। এ ছাড়া শহরের ওপর দিয়ে প্রবহমান নরসুন্দা নদটি কচুরিপানা ও মশা উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। পৌর কর্তৃপক্ষ ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশার উপদ্রব কমাতে কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ এ ব্যাপারে বাজেটে বরাদ্দ রয়েছে।সচেতনদের বক্তব্য: সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক মায়া ভৌমিক বলেন, ‘শহরের একটি রাস্তাও ভালো নেই। এটা কিশোরগঞ্জবাসীর জন্য দুর্ভাগ্যজনক। বর্তমান সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী, স্পিকার, উপদেষ্টা থাকার পরও যথাযথ উন্নয়ন না হওয়ায় আমরা হতাশ।’ শিক্ষাবিদ আবদুল গণি জানান, পৌর কর্তৃপক্ষের দুর্বলতার কারণে কোনো কাজই সঠিক সময়ে হয় না। পৌর প্রকৌশল বিভাগের লোকজন যথাযথ দায়িত্ব পালনে সব সময়ই ব্যর্থ।মেয়রের ভাষ্য: কিশোরগঞ্জের পৌর মেয়র আবু তাহের মিয়া এসব সমস্যার কথা স্বীকার করে জানান, প্রযোজনীয় অর্থ নেই। তাই যথাযথ উন্নয়ন হয়নি। তবে স্টেশন সড়ক, ঈশা খাঁ সড়ক, ফিশারি ও হারুয়া সড়ক স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আমাদের আপত্তি নেই। তার পরও শহরের উন্নয়ন হোক, সেটা চাই। পৌরসভার চারটি ময়লা-আবর্জনা ফেলার ট্রাকের মধ্যে তিনটি নষ্ট। তাই আবর্জনা রাস্তায় জমে যায়। এ ব্যাপারে মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। তারা কোনো ট্রাক দেয়নি। পরে কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। তারও অনুমতি পাইনি।এলাকাবাসী ডাস্টবিন তৈরির জায়গা দিতে চায় না বলেই তা তৈরি করা সম্ভব হয়নি বলে জানান মেয়র। তিনি আরও বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে শহরের যথাযথ উন্নয়ন সম্ভব।