যেন একখণ্ড সবুজ বনানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৭/বি সড়কের একটি বাড়ির ছাদে গড়ে তোলা হয়েছে বাগান l ছবি: প্রথম আলো
উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৭/বি সড়কের একটি বাড়ির ছাদে গড়ে তোলা হয়েছে বাগান l ছবি: প্রথম আলো

ছয়তলা বাড়ির ছাদে নানান ধরনের ফলের গাছ। থোকা থোকা পেয়ারা, মাল্টা, করমচা, আমড়া, তেঁতুল, লেবু, ডালিম, জামরুল প্রভৃতি ফল ধরে আছে গাছে। বাগানে ফুটেছে গোলাপ, বেলি, হাসনাহেনার মতো সৌরভ ছড়ানো আরও অনেক ফুল। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত ছাদ যেন একখণ্ড সবুজ বনানী।
গত রোববার বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৭/বি সড়কের একটি বাড়ির ছাদে গিয়ে মিলল প্রকৃতির স্পর্শ। ছাদের পুরো অংশেই আছে নানান ধরনের ফল, ফুল, শাকসবজি ও ঔষধি গাছ। আছে বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর।
বাড়ির ছাদ প্রায় আড়াই হাজার বর্গফুট। বড় আকারের ড্রাম কেটে তাতে মাটি ভরিয়ে লাগানো হয়েছে ফলগাছ। ছাদের সীমানা ঘেঁষে থাকা দেয়ালের সঙ্গে যুক্ত করে প্রায় দুই ফুট প্রস্থের সবজির বেড। ওপরের দিকে লোহার এবং নেটের তৈরি মাচা। তাতে চাষ হচ্ছে মৌসুমি শাকসবজি। নিচের বাকি অংশজুড়ে ছোট-বড়, মাঝারি বিভিন্ন আকারের টবে আছে ফুলের গাছ। ছাদের এক কোনায় বিশালকায় লোহার খাঁচায় বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতরের বসবাস। ভোর থেকে শুরু করে সারা দিন কবুতরের বাকবাকুম আর পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে থাকে ছাদ।
বাড়িটির মালিক এম এ বারেক ব্যবসায়ী। প্রথম আলোকে তিনি জানান, নিতান্ত শখের বশেই ছাদে বাগান করা শুরু করেছিলেন। এখন নিয়ম করে সকাল-বিকেল বাগান পরিচর্য করেন। পাখপাখালিকে সময় দেন। বলছিলেন ‘সকালে উঠেই বাগানে কাজ শুরু করি। রোজ প্রায় দুই-আড়াই ঘণ্টা। এতে খানিকটা শারীরিক পরিশ্রম হয়, আবার মনটাও ভালো থাকে।’
এম এ বারেক ও তাঁর স্ত্রী শামসুন্নাহার দম্পতির তিন সন্তান। তাঁরা সবাই প্রবাসী। বিকেল বা সন্ধ্যার অবসর ছাদে বসে কেটে যায় তাঁদের দুজনের। কোনো কোনো জ্যোৎস্নারাতেও ছাদে বসে সময় কাটান তাঁরা। জানালেন, দুই ছর আগে ছাদে বাগান করা শুরু করেন তিনি। এখন তাঁর বাগানে আছে আম, জাম, পেয়ারা, ডালিম, জামরুল, লেবু, মাল্টা, তেঁতুল, করমচা, আমড়া প্রভৃতি ফলের গাছ। ফুলের মধ্যে আছে গোলাপ, জবা, হাসনাহেনা, জুঁই, রঙ্গন, বেলি, মল্লিকা প্রভৃতি। ছাদের সীমানাপ্রাচীরে সংযুক্ত করে তৈরি শেডে আছে ডাঁটা, পুঁইশাক, কচুশাক প্রভৃতি। এম এ বারেক জানান, শীতে প্রচুর সবজি চাষ করা হয়। তাঁদের দুজনের সংসারে এখন আর বাজার থেকে সবজি কেনার প্রয়োজন পড়ে না।
ছাদের এক কোণে ঘরের সমান বড় আকারের একটি খাঁচা। তার ভেতরে আছে ছোট ছোট কুঠুরি, মাটির হাঁড়ি। সেখান থেকে প্রতিনিয়ত ভেসে আসে পাখির কিচিরমিচির আওয়াজ। ঘুঘু, টিয়া, বাজিগর, কাকাতুয়াসহ বিভিন্ন প্রজাতির পাখি আর কবুতরের ডাকে ছাদের আঙিনাটা মুখর থাকে সব সময়। এম এ বারেকের খাঁচায় আছে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ জোড়া কবুতর। বাচ্চা আছে চার জোড়া। এর মধ্যে কিং, বল, জ্যাকুভিন, মার্টিন, মুক্ষী, লক্ষা, শর্ট ফেস, পারভীন, জার্মান শিল্ড, নাগ প্রভৃতি। প্রথম আলোকে তিনি বলেন, ‘অনেকের হয়তো বাগান করার অনেক ইচ্ছা আছে। কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে তাদের হয়তো সম্ভব হয় না। তবে ইচ্ছা থাকলে ব্যালকনিতেও মনের মতো সবুজ প্রকৃতি তৈরি করা সম্ভব। অনেক অনুরোধ সত্ত্বেও বাগানে নিজের ছবি তুলতে রাজি হলেন না আত্মপ্রচারবিমুখ মানুষটি। বললেন, লোকে আমাকে দেখে কী করবে? আমার বাগান দেখুক। কেউ হয়তো তাতে অনুপ্রাণিত হবে, তা হলেই হলো।’