যেন একেকটি সিনেমা হল
ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলের বাজার ও সড়কের পাশের চায়ের দোকানগুলো যেন মিনি সিনেমা হলে পরিণত হয়েছে। এসব দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা দেশি-বিদেশি সিনেমা চালিয়ে খদ্দের টানার চেষ্টা চলে। দিনের বেলায় ওই সব সিনেমা দেখে আকৃষ্ট হয়ে বিদ্যালয় ফাঁকি দিয়ে শিশুরা দোকানে ভিড় করে।
গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বরুনাগাঁও, দক্ষিণ বঠিনা, ফাঁড়াবাড়িহাট, পাটিয়াডাঙ্গী ও সালন্দর এলাকার কয়েকটি চায়ের দোকানে দেখা গেছে বাঁশ ও খড় দিয়ে তৈরি ওসব দোকানে বসানো হয়েছে টেবিল-বেঞ্চ। অনেকে আবার বসার জন্য বাঁশের মাচা তৈরি করেছেন। বেশির ভাগ দোকানেই চলছে ভিসিডি। কোথাও টেলিভিশন। এগুলোতে সারা দিনই চলে দেশি সিনেমা, ভারতীয় বাংলা সিনেমা ও হিন্দি গান। এ কারণে দোকানে খদ্দেরের ভিড়ও বেড়েছে। খদ্দেরদের বেশির ভাগই শিশু-কিশোর। অনেক শিশুই স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিন এই দোকানগুলোতে বসে সময় পার করছে।
দোকানে সিনেমা দেখতে ব্যস্ত সালন্দর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আরমান বলে, ‘বন্ধুরা মিলে স্কুলে যাচ্ছিলাম। পাশের চায়ের দোকানে সিনেমা চলছে দেখে থেমে যাই। কখন যে স্কুলের সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি।’ আবদুল আলীম নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন, চায়ের দোকানগুলোতে খোলামেলা সিনেমা চলে। এতে অল্পবয়সী শিশুরা আকৃষ্ট হচ্ছে।
ফাঁড়াবাড়িহাট এলাকার চায়ের দোকানি শৈলেন বর্মণ জানান, দিন-রাত চা তৈরির কাজে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার ফাঁকে ফাঁকে গান-সিনেমা দেখলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। পাশাপাশি খদ্দেররাও চায়ের পাশাপাশি বিনোদন পান। তাই দোকানে টেলিভিশন রাখা।
জানতে চাইলে পাটিয়াডাঙ্গীহাটের চায়ের দোকানি আজগর আলী প্রথম আলোকে বলেন, ‘স্কুলের ছাত্ররা এলে তাদের অনেক সময় চলে যেতে বলি। অনেকে আবার নিষেধ অমান্য করেও সিনেমা দেখতে থাকে।’
সদর উপজেলার গিলাবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবীব বলেন, ‘বিষয়টি আমাদের নজরে পড়েছে। বিদ্যালয়ের আশপাশের টি-স্টলে সিনেমা প্রদর্শন বন্ধ করতে উদ্যোগ নেওয়া উচিত।’