যেন থিতু হচ্ছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। সড়কে কমে যাচ্ছে যানবাহন। প্রায় যানবাহনশূন্য সড়কের এই ছবি গতকাল বিকেলে রাজধানীর ফার্মগেট থেকে তুলেছেন আশরাফুল আলম
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। সড়কে কমে যাচ্ছে যানবাহন। প্রায় যানবাহনশূন্য সড়কের এই ছবি গতকাল বিকেলে রাজধানীর ফার্মগেট থেকে তুলেছেন আশরাফুল আলম

উঁচু উঁচু ভবনগুলোর সামনে ভিড় নেই। নেই মানুষের ছোটাছুটি, বাসে ওঠা কিংবা নামার হুড়োহুড়ি। যে শহরে হাঁটতে গেলে একজনের গায়ে আরেকজনের ধাক্কা লাগে, সেই শহরে নেই কোনো কোলাহল কিংবা নাগরিক ব্যস্ততা।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে গিয়ে এই চিত্র পাওয়া গেল। একটু এগিয়ে সচিবালয়ের সামনে দেখা গেল, সেখানেও ফাঁকা। সড়কে গাড়ি কম। বাসস্ট্যান্ডগুলোতে নেই মানুষের ভিড়। এ যেন বদলে যাওয়া এক শহর, মায়ার শহর, যে শহর দেখে কেউ নিজের অজান্তেই গেয়ে উঠতে পারেন, ‘এই শহর আমার...।’

ঢাকার স্থায়ী বাসিন্দারা এমনটা ভাবতেই পারেন। যানজট যেখানে নিত্যকার সঙ্গী, কয়েক মিনিটের রাস্তা পেরোতে যেখানে লাগে কয়েক ঘণ্টা, চেনা সেই ঢাকা ভোজবাজির মতো হয়ে গেছে ফাঁকা। অন্য দিন যে সড়কগুলোকে ছোট মনে হয়, এখন যেন সেগুলোই বিশাল রূপ নিয়েছে। প্রায় দুই কোটি মানুষের এই ঢাকার বেশির ভাগ অস্থায়ী বাসিন্দাই যে নাড়ির টানে বাড়িতে পাড়ি জমিয়েছেন।

ঈদের ছুটি উপলক্ষে ঢাকার এমন চিত্র থাকে সপ্তাহখানেক। ফাঁকা এই ঢাকা কেমন লাগে? জানতে চাইলাম পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে আসা রিকশাচালক আবুল কালামের কাছে। জবাবে বললেন, ছুটির এই সময়ে রিকশা চালাতে কষ্ট হয় না। বাড়ি তাঁর বরিশালে। ঈদের এই সময় ঢাকায় থেকে পরে তিনি বাড়ি যান। আয়টা ভালোই হয়।

ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল, শহরের ভেতরটা বেশ ফাঁকা। তবে বের হওয়ার স্থান সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুরে গাড়ির ব্যস্ততা আছে। দুপুরের দিকে মার্কেটগুলোর সামনে অবশ্য বেশ গাড়ি ছিল।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা প্রথম আলোকে বলেন, ‘আমি যে ঢাকা দেখে বড় হয়েছি, সেই শহরটা ছিল ছিমছাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসাদ গেটে রিকশায় একা আসতে ভয় লাগত না। কিন্তু এখন তো সেই ঢাকা নেই। কিন্তু ঈদের তিন-চার দিনের ছুটি আমাকে আমার ছেলেবেলা মনে করিয়ে দেয়।’