যেন ধুলায় ডুব দিয়ে আছে মাদারীপুর শহর
এই মুহূর্তে মাদারীপুর শহরবাসীর সবচেয়ে বড় সমস্যা কোনটি? সাংবাদিক, রাজনীতিক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, ব্যবসায়ী নেতা—সবাই একবাক্যে মানছেন ধুলা।
এই ধুলার উৎস সদর উপজেলার মোস্তফাপুর থেকে খোয়াজপুর পর্যন্ত ১৩ কিলোমিটার নির্মাণাধীন সড়কের অন্তত ৫ কিলোমিটার অংশ। বর্তমানে সড়কের এ অংশে সংস্কার ও বর্ধিত করার কাজ চলছে। যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সেখান থেকে উড়ে আসা ধুলা ডুবিয়ে দিচ্ছে প্রায় পুরো শহরকেই।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, প্রতিটি প্রকল্প অনুমোদনের সময় পরিবেশ অধিদপ্তর সেই প্রকল্পের মাধ্যমে যাতে কোনো প্রকার পরিবেশদূষণ না ঘটে, তার ব্যাপারে কিছু নির্দেশনা দেয়। ওই সড়ক নির্মাণ প্রকল্পের জন্য তা-ই করা হয়েছে। মাদারীপুরে অধিদপ্তরের কোনো কার্যালয় নেই বলে বিষয়টির ঠিকমতো তদারক করা যায়নি। তবে তিনি মাদারীপুরে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেবেন।
গত ১২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, মোস্তফাপুর থেকে মাদারীপুর শহরের দিকে সিদ্দিকখোলা পর্যন্ত সড়কের কাজ শেষ হয়েছে। ফলে ধুলার অত্যাচার কম। কিন্তু ধুলার আসল বাড়াবাড়ি শুরু হয়েছে সিদ্দিকখোলা থেকে। সবচেয়ে খারাপ অবস্থা এখান থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত। এই পাঁচ কিলোমিটারকে চার লেন করা হচ্ছে। প্রায় ছয় মাস ধরে রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। সড়কের এই অংশে রয়েছে অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি কার্যালয়। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, সরকারি নাজিমউদ্দিন কলেজ, সড়ক ভবন, র্যাব ক্যাম্প, মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ডাল গবেষণা ইনস্টিটিউট। ধুলায় সবগুলো ভবনই ধূসর বর্ণ নিয়েছে। গাছপালা, বাড়িঘর, দোকানপাটসহ সব স্থাপনার অবস্থাও তা-ই।
মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক দিয়ে গাড়ি চলাচলের সময় কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে উড়ছিল ধুলা। এতে ছোট-বড় যানবাহন ধুলায় কার্যত অদৃশ্য হয়ে যাচ্ছিল। এ দৃশ্যের ছবি তোলার সময় কাছে এগিয়ে এলেন সেলিম ব্যাপারী ও আবু সাঈদ ব্যাপারী। পাশেই মুদি দোকান আছে তাঁদের। বললেন, প্রায় ছয় মাস ধরে রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। সড়কে সব সময় ধুলা উড়তে থাকে। দোকানের মালামালের ওপর ধুলার আস্তর পড়ে যাচ্ছে। আবার ধুলার কারণে সড়কের পাশে কোনো মানুষ দাঁড়াতে পারে না। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানে কোনো ক্রেতা আসছে না। টানা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
মাদারীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেল, ওই পাঁচ কিলোমিটার সড়ক চার লেন করার কাজ করছে রানা বিল্ডার্স। কিন্তু কাজটি তদারকি করছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাই হাফিজুর রহমান খান (জাচ্চু নানা) ও তাঁদের ঘনিষ্ঠ আলমগীর খান ও সৈয়দ বাবুল বাশার। ৫৩ কোটি টাকার এই কাজ শেষ করার কথা জুনে। তবে কাজ চলছে ধীরগতিতে।
রানা বিল্ডার্সের মাদারীপুর প্রতিনিধি আবুল বাশার প্রথম আলোকে বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী গত জানুয়ারির আগেই কাজটি শেষ করে ফেলতে পারতেন। এটা হলে মানুষের ভোগান্তি দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু রাস্তার বেশ কিছু স্থাপনা সময়মতো সরানো হয়নি। তিনি দাবি করেন, ধুলা নিয়ন্ত্রণে রাখতে তাঁরা দিনে দুবার করে পানি ছিটাচ্ছেন।
নৌমন্ত্রীর ভাই হাফিজুর রহমান খানের বক্তব্য জানতে গত রবি ও সোমবার একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
জানতে চাইলে মাদারীপুর সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, শহরের সড়ক হওয়ায় একটু বেশি দুর্ভোগ হচ্ছে। পরিবেশ রক্ষা করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পানি দিয়ে ধুলা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তবে সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও পানি ছিটানোর কোনো উদ্যোগ নেই। গাড়ি চলাচলের সময় ধুলা কুণ্ডলী পাকিয়ে উড়ছে। এমনকি এই সড়ক থেকে পুরান কোর্ট মোড় থেকে বাঁয়ে মোড় নিয়ে মাদারীপুর-শিবপুর সড়ক ধরে অন্তত পাঁচ কিলোমিটার গিয়েও একই অবস্থা দেখা গেল।
প্রতিদিন এ রাস্তা হয়ে কালকিনিতে কর্মস্থলে যেতে হয় স্বাস্থ্যকর্মী মজিবুর রহমানকে। তিনি প্রথম আলোকে বলেন, ছয় মাসের বেশি সময় ধরে মাদারীপুর শহরবাসী ধুলার অত্যাচার সহ্য করছে। জনসাধারণের পাশাপাশি দোকানদার, বাসাবাড়ির লোকজন ও যানবাহনের যাত্রী-চালক সবাই এর ভুক্তভোগী। সবাই ধুলার কারণে অসুস্থ হয়ে পড়ছেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শশাঙ্ক কুমার ঘোষ বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে এখন গড়ে প্রতিদিন দেড় শতাধিক রোগী ভর্তি থাকে। এর মধ্যে কমবেশি ২৫ শতাংশই শ্বাসকষ্টসংশ্লিষ্ট বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের অনেকেই শিশু। শ্বাসকষ্টের সমস্যার ক্ষেত্রে ধুলা একটি বড় কারণ।