যেন ধূসর মরুভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া থেকে ত্রিমুখী পর্যন্ত এক কিলোমিটার এলাকা প্রায় দেড় বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। গোটা এলাকাজুড়ে ছড়ানো-ছিটানো ইটের খোয়া আর পাথরের টুকরো। সড়কজুড়েই ধুলার আস্তরণ। প্রচণ্ড ধুলার কারণে রাস্তার পাশের দোকানি ও স্থানীয় লোকজনের দুর্ভোগ চরমে। নাকাল গাড়ির যাত্রী ও পথচারীরাও।
সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। ফলে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, বাস, ট্রাক, রিকশাসহ সব ধরনের যানবাহনের চলাচলে সমস্যা হচ্ছে। একটু অসাবধান হলেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ধুলা থেকে বাঁচতে রাস্তার আশপাশের বাড়িঘর ও দোকানপাটের দরজা-জানালা অধিকাংশই বন্ধ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চাবিক্রেতা সালেহ আহমদ বলেন, মৌসুমের এই সময়টায় এমনিতেই ধুলাবালু বেশি। তার ওপর এখন রাস্তাটি ভাঙাচোরা। ফলে গোটা এলাকা ধুলাবালুতে ছেয়ে আছে। ধুলার কারণে রাস্তার পাশের দোকানপাটের খাবারদাবার ভালো রাখা যাচ্ছে না। গাড়ি আসলেই ধুলার ঝড় বয়ে যায়। তাই মানুষ একটু শান্তিতে চায়ের দোকানেও বসতে পারছে না।
সড়কটির কুমারগাঁও অংশে সুনামগঞ্জ বাসস্ট্যান্ড। এ সড়ক দিয়েই সুনামগঞ্জের ১১টি উপজেলার বাসিন্দাদের বিভাগীয় শহর সিলেটে ঢুকতে হয়।
সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, সড়কের শহর অংশের ভাঙাচোরা জায়গাটুকু পুনঃসংস্কারের জন্য একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করে সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।