যেন নতুন জীবন পেলেন মংলার যুবক দুলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার কারণে ঊরুসন্ধি নষ্ট হয়ে গিয়েছিল বাগেরহাটের মংলার দরিদ্র যুবক দুলাল মিস্ত্রির। জীবন হয়ে পড়েছিল দুর্বিষহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকেরা জটিল এক অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ঊরুসন্ধি প্রতিস্থাপন করেছেন। আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন দুলাল।হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুলালের শরীরে কৃত্রিম ঊরুসন্ধি বসানো হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ।’ দুলালকে চিকিৎসকদের পরামর্শ ঠিক ঠিক মেনে চলতে হবে জানিয়ে তিনি বলেন, ১২ থেকে ১৫ বছর পর আবার অস্ত্রোপচারের দরকার হবে।মংলা থানার হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা দুলাল। ২০০৮ সালের ১৩ এপ্রিল ঢাকা থেকে মংলায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আহত দুলালকে গোপালগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। পরদিন পাঠানো হয় খুলনা সদর হাসপাতালে। দুলাল প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকায় শেষ পর্যন্ত তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভুল অস্ত্রোপচার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। ওই অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হননি। বিধবা মা সহায়-সম্পত্তি বিক্রি করে ছেলেকে নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন।এর মধ্যে দুলালের শরীরে দেখা দেয় নতুন উপসর্গ। বসা, পা ফাঁক করা, এমনকি শোওয়াও প্রায় অসম্ভব হয়ে ওঠে। সারা শরীরে যন্ত্রণা। ২০১০ সালে চিকিৎসকেরা জানান, দীর্ঘদিন স্টেরয়েড-জাতীয় ওষুধ খেয়ে তাঁর ঊরুসন্ধি নষ্ট হয়ে গেছে। এরপর দুলাল ভারতে গিয়ে জানতে পারেন কৃত্রিম ঊরুসন্ধি কিনতে ও অস্ত্রোপচারে কমপক্ষে চার লাখ টাকা লাগবে।দুলালের মা গত জানুয়ারি মাসে যোগাযোগ করেন বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে। তাঁদের সমস্যার কথা জেনে উপাচার্য প্রাণ গোপাল দত্ত ব্যক্তিগতভাবে এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে কৃত্রিম ঊরুসন্ধি কিনে দেন। আবু জাফর চৌধুরীর নেতৃত্বে একদল চিকিৎসক গত ১৬ ফেব্রুয়ারি ও ৩ মে দুই দফা অস্ত্রোপচার করে ঊরুসন্ধি প্রতিস্থাপন করেন। নতুন জীবন পাওয়ার আনন্দে উদ্বেলিত ২৯ বছরের যুবক দুলাল। গ্রামে ফিরে কী কাজ করবেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত নন। প্রথম আলোকে বলেন, ‘মাকে দেখতে হবে। ভবিষ্যতের অস্ত্রোপচারের জন্যও টাকা জমাতে হবে।’