যেন নতুন দিনের ডাক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস দুয়েক আগেও সেখানে ছিল উলুখাগড়ার বন আর বালুচর। সেখানে আজ সমন্বিত কৃষি প্রকল্পের ছাউনি। নলকূপ, স্বাস্থ্যসম্মত শৌচাগার, স্থানীয় শিশুদের জন্য চলতি মাসেই চালু হবে একটি বিদ্যালয়। ধু ধু চরে ছিন্নমূল মানুষগুলোর জন্য এ যেন নতুন দিনের শুরু।
পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের অন্তর্গত পদ্মা নদীর মধ্যচরে গত বর্ষায় এসে আশ্রয় নিয়েছিল এসব মানুষ। পদ্মার ভাঙনে উপজেলার চরখিদিরপুর থেকে এই দেড় শ পরিবার উদ্বাস্তু হয়ে এখানে আশ্রয় নেয়। এসব পরিবারের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই পানীয় জল, শৌচাগারসহ সেবামূলক কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পবা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম আশরাফুল হক ও হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা ইউএনও সেলিম হোসেন।
চরের নতুন পল্লির বাসিন্দা লালমতি বেওয়া (৫৫) বলেন, ‘এই ধু ধু চরের মধ্যে এমন স্বাস্থ্যসম্মত শৌচাগার পাব, তা কোনো দিন চিন্তাও করিনি। আগে চরখিদিরপুরে যেখানে বাড়ি ছিল, সেখানেও এমন ভালো শৌচাগারের ব্যবস্থা ছিল না।’
জাহানারা বেগম (৪৫) বলেন, চরের মানুষ এ রকম গোড়া পাকা করা নলকূপের কথা চিন্তাই করতে পারে না। আর বাড়ি করার পরপরই নলকূপ পেয়ে সবাই খুব খুশি। তিনি বলেন, ‘চরের মানুষের জীবন কখনো রোদে পুড়ে, কখনো পানিতে ভিজে, কখনো বানে ভাসে। তার মধ্যে এই চরে এসে জীবনে নতুন করে আশা জেগে উঠছে।’
বিভাগীয় কমিশনার বলেন, এখানকার কারও বাসায় টেলিভিশন থাকলে স্থানীয় লোকজন যাতে শিক্ষামূলক অনুষ্ঠান ও সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, সে জন্য পাঁচটি সৌর প্যানেল দেওয়া হলো।
ইউএনও সেলিম হোসেন বলেন, চলতি মাসের মধ্যেই বিদ্যালয়টি চালু হয়ে যাবে।