যেন মঞ্চে উঠে এসেছে ষড়্ঋতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঋতু রঙে সানিডেইল’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছে ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইলের শিক্ষার্থীরা l প্রথম আলো
‘ঋতু রঙে সানিডেইল’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছে ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইলের শিক্ষার্থীরা l প্রথম আলো

নদীতে পাল তোলা নৌকা। কৃষক সোনালি ধান মাথায় নিয়ে বাড়ি ফিরছেন। বৃষ্টিতে কদম ফুল ছুঁয়ে পড়ছে বৃষ্টি। আর কয়েকজন মানুষ সেই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বেরিয়েছেন কাজে। গাছে গাছে কাঁঠাল-আম। মঞ্চে লাগানো আঁকা ছবিতে এভাবে বাংলাদেশের ছয়টি বৈচিত্র্যময় ঋতু তুলে ধরা হয়েছে। আর মঞ্চে বসে খুদে শিক্ষার্থীরা গাইল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিভিন্ন ঋতুর গান।
গতকাল শনিবার সকালে ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইলের ধানমন্ডি ১১/এ সড়কের মিডল সেকশনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য এটি। ‘ঋতু রঙে সানিডেইল’ শীর্ষক ওই অনুষ্ঠানে পরিবেশনা ছিল স্কুলের জুনিয়র সেকশন ২-এর কেজি ওয়ান ও টু-এর শিক্ষার্থীদের।
অনুষ্ঠানের শুরুতে খুদে শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্রসংগীত ‘এসো হে বৈশাখ এসো এসো’। এর আগে খুদে শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে একে একে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতুর আবহ ফুটিয়ে তোলে। এ ছাড়া গানের মাঝে মাঝে ছিল প্রতিটি ঋতুর বৈশিষ্ট্যসূচক নাচ।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের অধ্যক্ষ তাজিন আহমেদ এবং উপাধ্যক্ষ জেবুন্নেসা মাহমুদ অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বালন করেন।
শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ অতিথি নজরুলসংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক বললেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় ‘ছয়টি ঋতু যেন মঞ্চে উঠে এসেছে!’
আরেক অতিথি নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের সন্তান পড়েছেন এই স্কুলে। মা হিসেবে সন্তানকে স্কুলে আনা-নেওয়া করতেন। এবার এসেছেন আমন্ত্রিত হয়ে। তাই তাঁর উচ্ছ্বাস যেন একটু বেশি।
সানিডেইল স্কুলের অধ্যক্ষ তাজিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘১৬ বছর এই শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবে। তাদের গড়ে তোলার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি যেন ওরা ধারণ করতে পারে, তাই এই অনুষ্ঠান।’