যেন যুদ্ধ-পরবর্তী ধ্বংসলীলা
পল্টন মোড়ে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কিছু সাংবাদিক ছাড়া কেউ ছিলেন না। গত রোববার রাত একটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মতিঝিলের শাপলা চত্বর অভিমুখে রওনা হন, যেখানে হেফাজতে ইসলামের অবস্থান। সাংবাদিকেরাও সামনের দিকে এগোতে থাকেন।
একটু সামনে গিয়েই থমকে যেতে হয় ধ্বংসযজ্ঞের চিত্র দেখে। আশপাশের প্রায় সব ভবন এবং দোকানেই আগুন ও ভাঙচুর করেছে অবরোধকারীরা। পুড়ে ছাই হয়ে গেছে অনেক দোকান। রাস্তায় সড়কের বিভাজকগুলো ভেঙে কিছু পর পর রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। রাস্তায় পড়ে আছে পুড়ে যাওয়া কয়েকটি যানবাহন। হাঁটতে গেলেই পায়ে লাগছে ইটের টুকরা, ভাঙা কাচ, তার, গুলি ও টিয়ার শেলের খোসা। রাত দুইটার সময়ও রাস্তার দুই ধারে পুড়তে থাকা দোকানগুলো থেকে ধোঁয়া উড়ছিল। অন্ধকারের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন যুদ্ধ-পরবর্তী ধ্বংসলীলা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পথ ধরে যতই সামনে যাওয়া যায়, ততই দেখা যায় হেফাজতে ইসলামের তাণ্ডবের নানা চিত্র। তবে অন্ধকারের কারণে ভালো করে দেখা যাচ্ছিল না। রাত আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আকস্মিক অভিযান চালালে পালিয়ে যান হেফাজতে ইসলামের কর্মীরা।
শাপলা চত্বরে গিয়ে দেখা যায় বিধ্বংসের এক চিত্র। হাজার হাজার জুতা, কাপড় আর শুকনা খাবার পড়ে আছে। অভিযান শেষে ভোরের আভা তখন আকাশে। মতিঝিল থেকে পল্টনের দিকে ফেরার পথে স্পষ্ট বোঝা যাচ্ছিল ধ্বংসযজ্ঞের আসল চিত্র।
গতকাল সোমবার দিনের বেলায় গিয়ে দেখা যায়, ধ্বংসযজ্ঞের অনেক কিছুই সরিয়ে ফেলা হয়েছে। হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ভবনের নিচতলায় জনতা ব্যাংকের শাখা পুড়ে ছাই হয়ে গেছে।
মুক্তি ভবনে কমিউনিস্ট পার্টির অফিসেও ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বিপরীত পাশের র্যাংগস ভবনেও ভাঙচুর হয়। বায়তুল মোকাররম মার্কেট কমপ্লেক্সেও ব্যাপক ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। ভাঙচুর হয়েছে স্টেডিয়াম মার্কেটেও। বাংলার বাণী ভবনের কাছে প্রিমিয়ার ব্যাংকের একটি বুথ এবং ব্র্যাক ব্যাংকের একটি বুথও তছনছ করা হয়েছে।
বিজয়নগর ও নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কদ্বীপের অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। ওই এলাকার বিভিন্ন অলিগলিতেও ভাঙচুর ও আগুন দেওয়ার চিত্র দেখা গেছে। মতিঝিল থেকে টিকাটুলীর দিকে যেতে যেতেও চোখে পড়ে একই চিত্র।