যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায় তারা: ইনু
জনগণের সমর্থন হারিয়ে বিএনপি-জামায়াত রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে। তাই কোনো গণতান্ত্রিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেছেন।
জাসদের ঢাকা মহানগর শাখার এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। হেফাজতিরা ইসলামের হেফাজত না করে বিএনপি-জামায়াতের হেফাজত করছে।
জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে। ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, দলের ছাত্রসংগঠনের নেতা মুহাম্মদ সামছুল ইসলাম, হোসাইন আহমেদ তফছির প্রমুখ।