যেভাবে ধরা পড়লেন হাফেজ মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার পরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গ্রেপ্তার হন জেএমবির জঙ্গি রাকিব হাসান। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করে সখীপুর থানার পুলিশ।
সখীপুরের তক্তারচালা গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পালানোর সময় গ্রেপ্তার করা হয় রাকিবকে। সদ্য দাড়ি কামানো মুখ ও হাতে-পায়ে ডান্ডাবেড়ির দাগ দেখে তাঁকে সন্দেহ করে পুলিশ। তক্তারচালা গ্রামটি সখীপুর ও মির্জাপুর থানার মাঝামাঝি জায়গায়। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ধরা পড়েন তিনি। কীভাবে রাকিব ধরা পড়লেন, তার বর্ণনা দিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত।
সকাল থেকেই তল্লাশি: এসআই শ্যামল জানান, সকালে ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জঙ্গি মামলার তিন আসামি ছিনিয়ে নেওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ আশপাশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সখীপুর ও মির্জাপুরের মাঝামাঝি হওয়ায় তক্তারচালা গ্রামে চেকপোস্ট বসিয়ে সব গাড়িতে তল্লাশি চালাতে থাকে পুলিশ।
বেলা দুইটার দিকে একটি অটোরিকশায় যাচ্ছিলেন রাকিব হাসান। সঙ্গে ছিলেন রাসেল নামের এক যুবক। রাকিবের সদ্য শেভ করা মুখ দেখে এসআই শ্যামলের সন্দেহ হয়। প্রিজনভ্যান থেকে পালানোর পরই দাড়ি কামিয়েছিলেন রাকিব। কিন্তু সময় কম থাকায় সম্ভবত দাড়ি কাটতে গিয়ে তাঁর গাল কয়েক জায়গায় কেটে যায়। এ ছাড়া তাঁর থুতনির নিচে অল্প কিছু দাড়ি ছিল। সময়স্বল্পতার কারণে তিনি ঠিকমতো দাড়ি শেভ করতে পারেননি। এসআই জানান, দাড়ি দেখে সন্দেহ হওয়ায় রাকিবকে আরও ভালোভাবে তল্লাশি করে তাঁর হাতে ও পায়ে ডান্ডাবেড়ির দাগ দেখতে পান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
থানায় গিয়ে টালবাহানা: সখীপুর থানায় নিয়ে যাওয়ার পর রাকিব পরিচয় গোপনের চেষ্টা করেন। তিনি জানান, তাঁর নাম রাসেল। তবে পুলিশ তাঁকে শনাক্ত করে। কারা সূত্র অনুসারে রাকিব হাসানের পুরো নাম রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ওরফে রাসেল।