যেভাবে পূরণ হলো অন্তিম ইচ্ছা
আবদুল্লাহ মোড়লের অন্তিম ইচ্ছা ছিল, তাঁকে যেন অকালপ্রয়াত নাতির পাশে সমাহিত করা হয়। কিন্তু পারিবারিক সেই কবরস্থানে কোমরপানি। সেখানে কবর খোঁড়া অসম্ভব ব্যাপার। তবে জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে সেই অসম্ভবকেই সম্ভব করা হলো। যশোরের কেশবপুরে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার বাসিন্দা আবদুল্লাহ মোড়ল (৯১) গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, তাঁকে যেন বড় ছেলের ছেলে প্লাবন রহমানের (১৯৯৯ সালে মারা যায়) কবরের পাশে দাফন করা হয়। কিন্তু পুরো এলাকা এখন জলমগ্ন। পারিবারিক কবরস্থানটিও তিন ফুট পানির নিচে। ফলে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা।
তবে মৃত ব্যক্তির বড় ছেলে আজিজুর রহমান পানি সরিয়ে ছেলের কবরের পাশে বাবাকে দাফনের সিদ্ধান্ত নেন। তিনি এলাকার ১২ যুবককে নিয়ে বুধবার দুপুর থেকে নেমে পড়েন কাজে। তাঁরা স্বেচ্ছাশ্রম দিয়ে গতকাল দুপুরের মধ্যে ওই স্থানে কবর খুঁড়তে সক্ষম হন।
অংশগ্রহণকারী যুবকদের মধ্যে আবদুর রউফ ও মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা প্লাবনের কবরের পাশে ১৬ ফুট দৈর্ঘ্য এবং ১১ ফুট প্রস্থ একটি জায়গা নির্ধারণ করেন। প্রথমে ওই জায়গার চারপাশে ১ ফুট অন্তর ৮ ফুট উচ্চতার বাঁশের খুঁটি পোঁতেন। এরপর পুরো জায়গা প্লেনশিট দিয়ে ঘিরে দেন। এর গায়ে লাগিয়ে দেওয়া হয় শক্ত পলিথিন। চারপাশে সাজিয়ে দেওয়া হয় ৩৫০টি বালুর বস্তা। এরপর শ্যালো মেশিন দিয়ে পানি সেচে কবর খোঁড়ার উপযোগী হয়ে যায়। পরে একটি নৌকায় করে লাশ আনা হয়। অপর তিনটি নৌকায় লোকজন এসে লাশ দাফন করেন।