যেভাবে বলবেন, সেই পদ্ধতিতে নির্বাচন হবে, এটি ভাববেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা চোখ রাঙানি দিয়ে যেভাবে বলবেন, সেই পদ্ধতিতে সবাই নির্বাচনে যাবে, এটা ভাববেন না।’ তিনি বলেন, নিয়ন্ত্রিত কোনো নির্বাচনে গিয়ে ২০১৪ সালে জনগণ প্রতারণার শিকার হতে চায় না।জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার নাগরিক ঐক্য আয়োজিত ‘বর্তমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন।বাংলাদেশের সংবিধানপ্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন বলেন, ‘২০০৮-এর ফসল ভোগ করার পর আপনারা বলবেন, ভবিষ্যতে কাউকে এই ফল ভোগ করতে দেবেন না, তা হবে না।’ তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ আছে। তারা সত্যিকার অর্থে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, সত্যিকার সংসদ চায়।কামাল হোসেন বলেন, যাঁরা সংবিধানের কথা বলেন, আর কাজ করেন উল্টো, তাঁরা জনগণের সঙ্গে প্রতারণা করেন। ক্ষমতা কুক্ষিগত করে, কালোটাকা, সন্ত্রাস করে, নির্বাচন করেন। এসবই সংবিধান পরিপন্থী। ২০০৮ সালে যেভাবে নির্বাচন হয়েছে, সেভাবে কেন নির্বাচন হবে না। যুদ্ধাপরাধীদের বিচার দেশের ১৬ কোটি মানুষের দাবি উল্লেখ করে তিনি বলেন, এ বিচার হতেই হবে।আইনজীবী শাহ্দীন মালিক বলেন, পরিস্থিতি এখন সাংঘাতিক সংঘাতময়। পরিস্থিতি নিকট ভবিষ্যতে আরও অশান্ত হবে। পরিস্থিতি যত সংকটময় হবে, তার পরিণতিতে নির্বাচন তত কম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মানুষ বিকল্প চায়। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। বিরোধ হচ্ছে ক্ষমতা নিয়ে। এখন একটি বিকল্প শক্তি দাঁড় করানো দরকার।সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করা জরুরি উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কেননা, নির্বাচন না হওয়ার চেয়ে খারাপ নির্বাচন ভালো। তিনি বলেন, হুকুমের আসামি হিসেবে ভাঙচুরের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলে বিশ্বজিৎ হত্যা মামলায় কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না।সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বলেন, বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আইন করার কথা বলা হচ্ছে। এটি রাজনীতির দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় যে ছয়জনের ছবি এসেছে, তাদের শাস্তি দিলে ভবিষ্যতে আর গুন্ডামি, মাস্তানি করার লোক পাওয়া যাবে না—এ কারণে সরকারি দল তাদের শাস্তি দেবে না। তিনি বলেন, এখন কেউ দলের বাইরে গিয়ে নির্বাচন করতে পারবে না। স্বতন্ত্র নির্বাচন করতে গেলে ১ শতাংশ ভোট লাগবে। দুই জোটের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে। তিনি ড. কামালসহ ভালো রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা একটি বড় প্লাটফর্ম তৈরি করুন। আমরা আপনাদের পাশে আছি। বিএনপি-আওয়ামী লীগ যদি কখনো ভালো হয়, তাহলে আমরা তাদের সঙ্গেও থাকব।’