যেভাবে শহীদ মিনারে যাবেন
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ দিয়েছে ‘একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’। গতকাল শনিবার রাত ৮টা থেকেই এ রুট-ম্যাপ কার্যকর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, যাঁরা আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন তাঁদের যাতায়াতের জন্য পুরোনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে কবরস্থানে যেতে হবে।
শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল ফটক (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে হবে। তবে কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যাঁরা শহীদ মিনারে যেতে চান তাঁরা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন।
নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিকস ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবি আইসক্রিম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।
উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চানখাঁরপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।