যেভাবে সমঝোতা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণি জলদস্যু-আক্রান্ত হওয়ার সাত দিন পর মুক্তিপণ চাওয়া হয়। আর ৪০ দিনের মধ্যে সমঝোতা হয়ে যায়। মুক্তিপণের টাকা নিয়ে জাহাজটি ছাড়া হয়েছে ৯৯ দিনের মধ্যে। এ ধরনের ঘটনায় এত কম সময়ে সমঝোতার নজির নেই বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বিষয়ে কাজ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এমটিও-ইউকে। তাদের হিসাবে আটকের ৩৫০ দিন পার হয়েছে এমন জাহাজ এখনো জলদস্যুদের জিম্মায় আছে। জাহাজটির নাম এমভি আইসবার্গ-ওয়ান। সোমালিয়ার জলদস্যুদের হাতে বৃহস্পতিবার পর্যন্ত ৭২০ জন নাবিকসহ ২৪টি জাহাজ আটক আছে। এর মধ্যে জাহান মণির অবস্থান ছিল ১৬ নম্বরে। অর্থাৎ জাহান মণির আগে আটক হওয়া ১৫টি জাহাজ এখনো মুক্ত হয়নি।মোহাম্মদ-লিয়ন সমঝোতা: মুক্তিপণ ছাড়া সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে জাহাজ ফেরত এসেছে এমন কোনো নজির নেই। সরকারিভাবেও বিষয়টি স্বীকার করা হয়েছে। জাহান মণির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তবে কোন সংস্থা, পরিমাণে কত মুক্তিপণ দিয়েছে, তা কৌশলগত কারণে এ মুহূর্তে গোপন রাখা হচ্ছে।জাহাজ মণির মুক্তির ব্যাপারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহান মণির মুক্তির জন্য নেপথ্যে কাজ করেছেন মূলত দুজন। একজন জাহাজমালিকের পক্ষে মোহাম্মদ মেহেরুল করিম চট্টগ্রামে বসে এবং অন্যজন জলদস্যুদের পক্ষে সোমালিয়ায় থেকে জলদস্যু নেতা লিয়ন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাজ্যভিত্তিক জলদস্যুতা তদারকি সংস্থা এমটিও-ইউকে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুটি এবং জাহাজমালিকের পক্ষে ভাড়া করা চারটি আইনি পরামর্শক প্রতিষ্ঠান এ ক্ষেত্রে কাজ করেছে।মেহেরুল করিম জানান, জাহান মণি ছাড়াও আরও দুটি জাহাজের মুক্তির ব্যাপারে লিয়ন এখন মধ্যস্থতা করছেন। এর একটি তেলবাহী জাহাজ এমটি পোলার এবং অন্যটি সাধারণ পণ্যবাহী হ্যানিবেল-টু। এ দুটি জাহাজ জাহান মণির পাঁচ-ছয় মাস আগে আটক করা হয়েছিল।রুদ্ধশ্বাস ৪০ দিন: ৫ ডিসেম্বর জাহান মণি জিম্মি করে জলদস্যুরা। এর সাত দিন পর ১২ ডিসেম্বর জলদস্যুরা প্রথম জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ করে ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। চূড়ান্ত সমঝোতা হয় ২৩ ফেব্রুয়ারি। মুক্তিপণ পেয়ে জলদস্যুদের জাহাজ ছাড়ার কথা ছিল ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে। কিন্তু জলদস্যুরা জাহাজ ছাড়ছিল না। এ সময় মধ্যস্থতাকারী লিয়নের ফোনও বন্ধ পাওয়া যায়। ফলে জাহাজমালিক মনে করেছিলেন, তিনি বুঝি ঠকবাজের পাল্লায় পড়েছেন। সবাইকে অবাক করে দিয়ে পরদিন ১৪ মার্চ জাহাজের ক্যাপ্টেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে জলদস্যুরা নেমে গেছে।জাহান মণির মালিক সূত্রে জানা যায়, আলোচনার প্রথম দিকে জাহাজমালিক লিয়নকে তেমন পাত্তা দিতে চাননি। কারণ, জাহান মণিকে ছাড়িয়ে নিতে ইতিমধ্যে কিছু ঠকবাজ জুটে যায়। একদিন প্রভাবশালী এক ব্যক্তি জাহাজমালিকের কাছে দুই ব্যক্তিকে পাঠান। বলা হয়, এরা দীর্ঘদিন সোমালিয়ায় ছিল। জলদস্যুদের সঙ্গে যোগাযোগ আছে। নগদ টাকা দিলে এরা জলদস্যুদের কাছে পৌঁছে দিতে পারবে। কিন্তু জাহাজমালিক কৌশলে এদের এড়িয়ে যান।এরপর আরও একজন লোক যোগাযোগ করেন। তিনি নিজেকে ‘পানি শাহ’ দাবি করে বলেন, ঐশ্বরিক ক্ষমতাবলে তিনি নদীপথে সোমালিয়ায় পৌঁছে গেছেন। জাহাজ মণির ওপরে উঠছেন। কিছুক্ষণ পর জলদস্যুদের সঙ্গে আলোচনা হবে। বিষয়টি জাহাজমালিক মো. শাহজাহান তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে দেখতে পায়, সোমালিয়া নয়, জাহাজমালিককে ফোন করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা থেকে। পরে জলদস্যুদের হাত থেকে উদ্ধার পাওয়া কয়েকটি বিদেশি জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ করে লিয়নের ক্ষমতার ব্যাপারে নিশ্চিত হন জাহাজমালিক। এরপর শুরু হয় আলোচনা।মো. শাহজাহান জানান, আলোচনা শুরু হলেও দর কষাকষির এই সময়ের মধ্যে মোহাম্মদ ও লিয়নের মধ্যে ৪০ দিনে অন্তত চার-পাঁচবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় লিয়ন ফোন করা এবং ধরা বন্ধ করে দেন। ‘এমনও সময় গেছে যখন ঘরবাড়ি ছেড়ে আমাদের রাতের পর রাত অফিসে কাটাতে হয়েছে শুধু লিয়নের একটি ফোন পাওয়ার জন্য।’সূত্রমতে, জলদস্যুদের সঙ্গে চূড়ান্ত সমঝোতামতো মুক্তিপণের অর্থ পানিতে ভিজবে না এমন বস্তায় ভরে দিতে হয়। এই শর্ত মেনে জাহাজমালিকের ভাড়া করা একটি জেট বিমান হংকং থেকে উড়ে যায় ১২ মার্চ দুপুরে। এরপর এটি থামে দক্ষিণ আফ্রিকায়। লিয়নের নির্দেশনামতো জেট বিমানটি সোমালিয়ার বারকাট এলাকায় গিয়ে মুক্তিপণের টাকার বস্তা ১৩ মার্চ সকালে নামিয়ে দেয় জলদস্যুদের স্পিডবোটে। সেখান থেকে ওই টাকা নিয়ে ভাগাভাগি হয় জাহান মণিতে।