যেমন চলছে 'ডিজিটাল বাস'
মতিঝিল-উত্তরা রুটের বিআরটিসি এসি বাস। শাহবাগ থেকে বাসে উঠেই দেখা গেল কয়েকজন মুঠোফোন নিয়ে ব্যস্ত। বাসে দেওয়া ফ্রি ওয়াই-ফাই সংযোগ করার চেষ্টা করছেন সবাই। এর মধ্যেই কয়েকজন ওয়াই-ফাই সংযোগ স্থাপন করতে পারলেন। কয়েকজন চেষ্টা করতে লাগলেন। এই রুটে চালু হওয়া ওয়াই-ফাইযুক্ত ‘ডিজিটাল বাস’-এর নিয়মিত দৃশ্য এটি।
গত ১০ এপ্রিল ঢাকার রাস্তায় নেমেছে ওয়াই-ফাইযুক্ত বাস। ওয়াই-ফাইয়ের পাশাপাশি বাসগুলোতে আছে ‘ভেহিকল ট্র্যাকিং সিস্টেম’, যার মাধ্যমে ঘরে বসেই জানা যাবে বাসটি বর্তমানে কোথায় আছে। তাই এই বাসগুলোকে বলা হচ্ছে ‘ডিজিটাল বাস’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির কারিগরি সহায়তায় বিআরটিসির ১০টি এসি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাইসুবিধা চালু করা হয়েছে।
মতিঝিল-উত্তরা রুটের নিয়মিত যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সৌরভ দাশ। তিনি বলেন, ‘বাসে ওয়াই-ফাই থাকায় এখন যাতায়াতটা আগের তুলনায় অনেক আনন্দময় হয়েছে। যদিও নিজেই ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করি। তবে মাঝে মাঝে ডাটা শেষ হয়ে গেলে বাসের ওয়াই-ফাই দিয়েই কাজ চালাই।’ তিনি জানান, ইন্টারনেটের গতি মোটামুটি ভালো থাকলেও মাঝেমধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আবার সংযোগ পেতে সমস্যা হয়। আবার কোনো কোনো দিন একদমই সংযোগ পাওয়া যায় না। তবে বাসে এ রকম প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি খুশি।
তবে অন্য রকম অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদি হাসানের। তিনি মাত্র একবারই এই বাসে চড়েছেন। তিনি বলেন, ‘অনেক চেষ্টা করেও ওয়াই-ফাই কানেক্ট করতে পারিনি। তবে বন্ধুদের কাছে শুনেছিলাম সহজেই নাকি কানেক্ট হয়।’ বিআরটিসি লাইভ ভেহিকল ট্র্যাকিং প্রজেক্টের সিস্টেম অ্যানালিস্ট তাহসিনুল বারী বলেন, একটা রাউটার দিয়ে সর্বোচ্চ ১০ জন ইন্টারনেট ব্যবহার করতে পারে। ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে এক মেগাবাইট। যখন বেশি যাত্রী একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করেন তখন এই গতিটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। তাই জনপ্রতি ব্যবহারকারীদের জন্য প্রায় সময়ই গতি কমে যায়। তিনি জানান, কোনো সময় যদি প্রয়োজন হয় তখন গাড়িতে থাকা অতিরিক্ত রাউটারে সংযোগ দেওয়া হয়। বর্তমানে টেলিটকের রাউটার ব্যবহার করা হচ্ছে। যেসব জায়গায় থ্রিজি সংযোগ নেই, সেসব জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রথমদিকে বিআরটিসির কিছু দ্বিতল নন-এসি বাস ও আর্টিকুলেটেড বাসে এ সুবিধা থাকলেও পরবর্তী সময়ে শুধু এসি বাসেই এ সুবিধা যুক্ত করা হয়েছে। এর কারণ হিসেবে এসব বাসে ইন্টারনেটের চাহিদা না থাকা এবং নন-এসি বাসে বেশির ভাগ ভাসমান যাত্রী থাকার কথা বলেছেন তাহসিনুল বারী।
২০টি বাস নিয়ে এ প্রকল্প শুরু করার কথা ছিল। তবে ঈদের পরই আরও পাঁচটা বাসে ইন্টারনেট সুবিধা চালু হতে যাচ্ছে বলে জানালেন বিআরটিসির পরিচালক (টেকনিক্যাল) আবদুল্লাহিল করিম। তিনি আরও বলেন, মতিঝিল-উত্তরা ছাড়াও পরীক্ষামূলকভাবে আরও কয়েকটা রোডে রুটে এ সেবা চালু করা হয়েছিল। তার মধ্যে আছে আজিমপুর থেকে গাবতলী হয়ে সাভার, রামপুরা হয়ে উত্তরা। কিন্তু দেখা গেছে সাভারের দিকে থ্রিজি না থাকায় ওখানে রাউটারগুলো কাজ করছিল না। বিআরটিসি এখন গাজীপুরের দিকে এই সেবা দেওয়ার চেষ্টা করছে।
ভেহিকল ট্র্যাকিং সিস্টেম চালু থাকলেও এটি সম্পর্কে জানেন না অনেকেই। এমনকি এসব বাসের নিয়মিত অনেক যাত্রীরও ধারণা নেই এ সুবিধা সম্পর্কে। এ ব্যাপারে কোনো ধরনের প্রচারণার ব্যবস্থা আছে কি না, জানতে চাইল তাহসিনুল বারী জানান, প্রত্যেক বাসের ভেতরেই কয়েকটি জায়গায় ওয়াই-ফাই ব্যবহারের নির্দেশনাসহ ভেহিকল ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে লেখা আছে।