
শুক্রবার বিকেল। ঘড়িতে ঠিক পাঁচটা ১৮ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকেই মানুষের সারি। দীর্ঘ এই সারির গন্তব্য অমর একুশে গ্রন্থমেলা। অভ্যাসবশত প্রায় সবাই প্রথমে ঢুকছিলেন বাংলা একাডেমি চত্বর। তারপর সেখানে ঘুরেফিরে সবাই ঢুঁ মারছিলেন সোহ্রাওয়ার্দী উদ্যানেও।
গতকাল ছিল বইমেলার প্রথম শুক্রবার। ছুটির দিন বলে মূল আয়োজন শুরু হয়েছিল সকালেই। বইমেলা যেন সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হলো গতকালই, সপ্তম দিনে এসে। সকাল থেকেই ধীরে ধীরে বইপ্রেমীরা আসতে থাকেন বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহ্রাওয়ার্দী উদ্যানে। দুপুরের পর থেকেই টিএসসি মোড় থেকে দীর্ঘ সারি। কেবল ভিড় নয়, কাল বই বিক্রিও হয়েছে ভালোই।
গতকাল দক্ষিণে দোয়েল চত্বর এবং উত্তরে টিএসসি চত্বরের ফুটপাতজুড়ে পুরোনো আর সস্তা নকল বইয়ের সমাহার তো ছিলই, আরও ছিল পোস্টার, শোপিস, খেলনা, চুড়ি-ফিতাসহ হরেক পণ্যের পসরা। আর হকারদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে দেখা গেছে পুলিশকে। এদিকে তাড়া করলে ওদিকে গিয়ে বসে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু
বিদায়ী শীতের সকালের মিষ্টি রোদ তখন বাংলা একাডেমির বটগাছের পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। ছবি আঁকা প্রতিযোগিতা উপলক্ষে তখনই জড়ো হয়েছিল একদল শিশু-কিশোর। অমর একুশে উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম। প্রতিযোগিতায় ক-শাখায় ৩৬৫ জন (বিষয়: শহীদ মিনার); খ-শাখায় ২২২ জন (বিষয়: জাতীয় সংসদ ভবন) এবং গ-শাখায় ১০৪ জন (বিষয়: মনীষী ড. মুহম্মদ শহীদুল্লাহ্) অংশগ্রহণ করে।
বই বিক্রি সকাল থেকেই
মেলার সোহ্রাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথ দিয়ে ঢুকেই হাতের ডান পাশে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থার স্টল। এ সারিতে ঢুকলেই অন্যপ্রকাশের স্টলে বরাবরের মতো ভিড় দেখা যায়। আরেকটু এগিয়ে গিয়ে ২৩৭ থেকে ২৩৯ নম্বর স্টল প্রথমা প্রকাশনের। গতকাল বেলা তিনটার দিকে এ স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। ছিমছাম সুন্দর গোছানো প্রথমার স্টলের সামনে জমে ওঠা ভিড়ে উঁকি দিয়ে দেখা গেল লেখক-সাংবাদিক আনিসুল হক বসে অটোগ্রাফ দিচ্ছেন তাঁর সদ্যপ্রকাশিত উপন্যাস আমারও একটা প্রেমকাহিনি আছে বইটিতে। প্রথমার বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, এই প্রকাশনা থেকে আনিসুল হকের কিশোর উপন্যাস কিডন্যাপারের কবলে গুড্ডুবুড়া,মঈনুস সুলতানের নিকারাগুয়া:সমোটো ক্যানিয়নে গাবরিয়েলা বইগুলো ভালো বিক্রি হচ্ছে।
লেখক ইমদাদুল হক মিলনকে দেখা গেল অনন্যার স্টলে। তিনি অটোগ্রাফ দিচ্ছিলেন কয়েকজন ভক্তকে। এ ছাড়া গতকাল মেলায় ঐতিহ্য, আগামী, অনুপম, দিব্যপ্রকাশ, সময় ইত্যাদি প্রকাশনা সংস্থার বিক্রয়কর্মীরা জানান, সকাল থেকেই বিক্রি ছিল আশাব্যঞ্জক। সন্ধ্যার পর বিক্রির হার বাড়ে।
প্রথম সপ্তাহে ৪৬৩টি নতুন বই
গতকাল একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ এক সপ্তাহে মেলায় আসা নতুন বইয়ের তালিকা দিয়েছে। এ তালিকা অনুযায়ী প্রথম সপ্তাহে মোট ৪৬৩টি নতুন বই এসেছে।
গতকাল মেলার নজরুল মঞ্চে ২৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এদিন মেলায় মোট এসেছে ১৭৩টি নতুন বই। এর মধ্যে গল্প ২২, উপন্যাস ৩১, প্রবন্ধ ১১, কবিতা ৩২, গবেষণা ৩, ছড়া ২, শিশুসাহিত্য ৭, জীবনী ৭, মুক্তিযুদ্ধ ৬, নাটক ২, বিজ্ঞান ১, ভ্রমণ ৯, ইতিহাস ৪, রাজনীতি ২, স্বাস্থ্য ১, কম্পিউটার ২, রম্য ৬, ধর্মীয় ৩, অনুবাদ ২, বৈজ্ঞানিক কল্পকাহিনি ১ ও অন্যান্য বিষয়ের ওপর ১২টি নতুন বই এসেছে।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে সৈয়দ শামসুল হকের তিন পয়সার জ্যোছনা। এই বইয়ে লেখকের স্মৃতিচারণায় উঠে এসেছে এ দেশের সংস্কৃতির স্বর্ণযুগের ছবি। বেঙ্গল পাবলিকেশন্স থেকে এসেছে রেজাউর রহমানের লেখা উপন্যাস সাদা বরফ কালো বৃক্ষ। পাঠক প্রকাশনী থেকে এসেছে কবি কামাল চৌধুরীর নির্বাচিত কবিতা। ঐতিহ্য এনেছে গোলাম মোর্শেদের যেখানে রাত্রি শেষ সেখানেও রাত, আব্দুল হাইয়ের জাকাত ও দারিদ্র্য বিমোচন, অন্যপ্রকাশ এনেছে নাসরীন জাহানের এ এক অদ্ভুত লজ্জা, পার্ল পাবলিকেশনস এনেছে মোস্তফা কামালের জননী।
মেলা মঞ্চের আয়োজন
সপ্তম দিন বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘গণতন্ত্রের তিন শত্রু: দুর্নীতি, সাম্প্রদায়িকতা, ধর্মীয়/জাতিগত জঙ্গিবাদ’ এবং ‘গণতন্ত্র ও সুশাসনের তিন শত্রু: দুর্নীতি, সাম্প্রদায়িকতা, ধর্মীয়/জাতিগত জঙ্গিবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ এবং মাসুদা ভাট্টি। আলোচনায় অংশ নেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মোহাম্মদ এ আরাফাত। সভাপতিত্ব করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তিমির নন্দী, ফকির আলমগীর, শিবু রায়, কফিল আহমেদ এবং স্বর্ণময়ী মণ্ডল।
আজ শিশু প্রহর
শিশুদের জন্য বাংলা একাডেমি চত্বরে আলাদা জায়গা আছে। কিন্তু বড়দের ভিড়ে সেখানেও নিজের মতো করে ঘুরে বেড়ানো কষ্টসাধ্য তাদের জন্য। বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাই মেলায় শিশুদের অভিভাবকসহ স্বচ্ছন্দে বই কেনার সুবিধার্থে এ মাসে তিনটি দিনকে শিশু প্রহর ঘোষণা করেছে। এই তিনটি দিন হচ্ছে আজ শনিবার ৮ ফেব্রুয়ারি ও ১৫ ও ২২ ফেব্রুয়ারি। আজ সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত শুধু শিশুরা অভিভাবক নিয়ে মেলায় প্রবেশ করতে পারবে। এ সময়ে শিশু ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মেলা চলবে যথারীতি রাত সাড়ে আটটা পর্যন্ত।