যেমন সাংসদ, তেমন নেতা

যশোর-৪ আসনের সাংসদ রনজিত রায় এবার সংবর্ধনা নিয়ে একটি সোনার হার, একটি রুপার নৌকা ও একটি ক্রেস্ট উপহার পেয়েছেন। এর মধ্যে সোনার হার ও রুপার নৌকা তুলে দেন অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস।
গত বুধবার রাতে সুন্দলী বালিকা বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গত ৩১ জানুয়ারি সাংসদ রনজিতকে একটি সোনার আংটি, ১৬ ফেব্রুয়ারি পাঁচ ভরি ওজনের সোনার হার, ১৬ মার্চ পাঁচ ভরি ওজনের একটি সোনার হার ও একটি রুপার নৌকা উপহার দেওয়া হয়।
আওয়ামী লীগের নেতা পরিতোষ বিশ্বাস প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি।
দলীয় সূত্রে জানা যায়, পরিতোষ একসময় নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উপজেলা যুবদল নেতা ইকরাম হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ২০১২ সালে তৎকালীন যশোর-৬ (অভয়নগর ও কেশবপুর উপজেলা এবং মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন) আসনের সাংসদ হুইপ শেখ আবদুল ওহাবের হাত ধরে পরিতোষ আওয়ামী লীগে যোগ দেন এবং সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনর্গঠিত যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান রনজিত রায়। মনোনয়ন না পেয়ে ওহাব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
গত ২৮ ডিসেম্বর সুন্দলী বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় ওহাবের পক্ষে ভোট চান পরিতোষ। ওই সভায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন ওহাব। এরপর ৫ জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের পর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় নির্বাচনোত্তর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় পরিতোষের ওপর ক্ষুব্ধ ছিলেন সাংসদ রনজিত। এরপর অনেক চেষ্টা করে সংবর্ধনার আয়োজন করতে সংক্ষম হন পরিতোষ। সাংসদকে খুশি করতে বুধবারের অনুষ্ঠানে তাঁর হাতে রুপার নৌকা তুলে দেন পরিতোষ। গোপনে দেন দুই ভরি ওজনের সোনার হার।
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দলী ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা প্রথম আলোকে বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে পরিতোষ বিশ্বাস প্রকাশ্যে সাংসদ রনজিত রায়কে রুপার তৈরি নৌকা দেন। আর এক লাখ ১২ হাজার টাকা দিয়ে তৈরি দুই ভরি ওজনের সোনার হার দেন গোপনে।’
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ে প্রথম আলোকে বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদকে দলীয়ভাবে আমরা একটি ক্রেস্ট উপহার দিয়েছি। সোনার হার বা রুপার নৌকা দেওয়া হয়নি। পরিতোষ সোনার হার বা রুপার নৌকা উপহার দিয়ে থাকতে পারেন। এটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমার কিছুই জানা নেই।’
পরিতোষ বিশ্বাস বলেন, সাংসদকে রুপা ও ব্রোঞ্জের তৈরির নৌকা উপহার দেওয়া হয়েছে। তাঁর বিপক্ষে ভোট চাওয়ার অভিযোগ ঠিক নয়।
সাংসদ রনজিত রায়ের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। সাংসদের একান্ত সচিব সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সাংসদকে সোনা বা রুপার কোনো উপহার নেওয়া হয়নি। ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি রুপালি রঙের নৌকা উপহার দেওয়া হয়েছে। আর একটি সংগঠন লালনের একটি ক্রেস্ট দিয়েছে।’