গণমাধ্যমে যেভাবে চিকুনগুনিয়াকে ‘মহামারি’ হিসেবে দেখানো হচ্ছে, বাস্তবে চিত্র তেমন নয়। সাধারণ জ্বর নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেও সেটাকে চিকুনগুনিয়া বলা হচ্ছে। এভাবে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। এখন জোর দিতে হবে চিকুনগুনিয়া–পরবর্তী ব্যথা নিরাময়ের ওপর।
আজ শনিবার দুপুরে চিকুনগুনিয়া নিয়ে করণীয়বিষয়ক এক আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চিকুনগুনিয়া কোন এলাকায় এবং কেন হচ্ছে, তার নমুনা সমীক্ষা করার ওপর জোর দেওয়া হয় সভায়।
স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের কিছুটা সমালোচনা করে বলেন, ‘ক্রাইসিস না লিখলে গণমাধ্যম কীভাবে চলবে? তবে এটা ঠিক যেভাবে প্রচার হচ্ছে, বিষয়টি আসলে তেমন নয়। তবে এটাও ঠিক গণমাধ্যম সমালোচনা করেছে বলেই আমরা তৎপর হয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে এ রোগের বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। আগামী বছর যাতে এ রোগ না হয়, সেটার জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। বিশেষ করে ব্যথা কীভাবে নিরাময় করা যায়, তার উপায় খুঁজতে হবে।’
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, ‘এটা ঠিক প্রথম দিকে এই রোগটির বিষয়ে তেমন জানতাম না, তাই মনোযোগ দিইনি। তবে যখনই এ রোগের প্রকোপ বেড়ে গেছে, তখনই আমরা সংগঠিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করার উদ্যোগ নিই। গণ্যমাধ্যমে যেভাবে এটাকে মহামারি বলে প্রচার করা হচ্ছে, আসলে বাস্তবে তা নয়।’
গত তিন দিনের কল সেন্টারের হিসাব তুলে ধরে মেয়র বলেন, বৃহস্পতিবার কল সেন্টার চালু করার পর আজ পর্যন্ত ৪১ হাজার ৩২৫টি ফোন ধরা হয়েছে। ২৭ হাজার ৭৪৪ জন নাগরিক এসব কল করেছেন। এর মধ্যে ডিএসসিসি এলাকার নাগরিক ২ হাজার ৩৯ জন। ৩৬৮ জন সিটি করপোরেশনের কাছ থেকে চিকিৎসাসেবা চেয়েছেন, যার মধ্যে ১৬৬ জনকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাহলে ১৮ লাখ কীভাবে আক্রান্ত, প্রশ্ন রাখেন তিনি।
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, ‘প্রকোপ কমে আসছে। তাই এখনই আমাদের করণীয় ঠিক করতে হবে। কোন কোন এলাকায় এ রোগের প্রকোপ বেশি, তা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে জরিপ করতে হবে। ঢাকায় কেন বেশি হচ্ছে, তা–ও খুঁজে বের করতে হবে। যদি এসির পানি থেকে হয়, তবে কড়াইল বস্তিতে কেন হলো, তা–ও খুঁজে বের করতে হবে। এ ধরনের জীবাণু মেরে ফেলতে উদ্যোগ নিতে হবে।’ তিনি প্রশ্ন রাখেন, আসলে মহামারির সংজ্ঞা কী?
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কামরুল হাসান খান বলেন, চিকুনগুনিয়া নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছে, আর কোনো রোগ নিয়ে এমন লেখালেখি এ দেশে হয়নি। সব রোগেই ব্যথা আছে। আক্রান্ত মানুষকে ভয় দেখানো ঠিক নয়। বরং কীভাবে মশক নিধন করা যায়, সেই দিকে যাওয়া উচিত।
লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমি নিজেও ভুক্তভোগী। বিষয়টি উদ্বেগের। এ অবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিরুল বাশার মন্ত্রণালয়কে মশা নিধনে একটি মহাপরিকল্পনা করার প্রস্তাব দেন।