যেসব কারণে ভুগতে হয় যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের গুরত্বপূর্ণ নৌপথ হচ্ছে কাওরাকান্দি-মাওয়া। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ নৌপথে যাতায়াত করে। তবে ফেরি স্বল্পতা, নাব্যতা সংকট, চাঁদা তোলা, বাড়তি ভাড়া আদায়, যানজটসহ নানা কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।ফেরিস্বল্পতা: ফেরি-সংকটের ফলে কাওরাকান্দি ঘাটে প্রায় দিনই যানজট লেগে থাকে। এ নৌপথে বর্তমানে দুটি রোরো, সাতটি ডাম্পফেরি, দুটি ছোট ফেরিসহ মোট ১১টি ফেরি আছে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাওরাকান্দি-মাওয়া নৌপথে চলাচলকারী ১০টি ফেরি ৫০-৬০ বছরের পুরোনো। বেশির ভাগ সময় ফেরিগুলো বিকল পড়ে থাকে। ডুবোচরে ভরা এ পথে দীর্ঘদিন ধরে চলতে চলতে ফেরির তলার অংশ পাতলা ও মরিচা পড়ে গেছে। গত ২৬ মার্চ সন্ধ্যায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মাওয়া থেকে কাওরাকান্দি আসার সময় ভিআইপি ফেরি কর্ণফুলীতে ওঠেন। কিন্তু ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয় তাঁকে। নাব্যতা: নাব্যতা সংকটের কারণেও প্রায়ই ঘাট এলাকায় দীর্ঘ যানজট চোখে পড়ে। এই সংকট নিরসনের জন্য মাঝেমধ্যে নদীতে ড্রেজিং করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক ফেরি ও লঞ্চচালকেরা বলেন, সঠিকভাবে ড্রেজিং না করার ফলে এমন হচ্ছে। কারণ ড্রেজার দিয়ে নদীর মধ্যে মাটি কেটে সেই মাটি তীরে ফেলা হয়। অল্প সময়ের মধ্যে সেই মাটি আবার নদীতে চলে আসে। চাঁদা আদায়: মাঝেমধ্যেই ঘাট এলাকায় চাঁদাবাজেরা তৎপর হয়ে ওঠে। ঢাকামুখী যাত্রীবাহী পরিবহন, কাঁচামাল ও মাছবাহী ট্রাকসহ সব যানবাহনকেই চাঁদা দিয়ে ঘাট পার হতে হয়। ঘাটে চাঁদাবাজি বন্ধ করতে গত ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে শিবচর থানায় ১০ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দায়ের করে।ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র ও শ্রমিকেরা অভিযোগ করেন, কাওরাকান্দি ঘাটে গ্রুপ গ্রুপ করে চাঁদাবাজি হয়ে থাকে। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সমিতির নাম করে প্রতি মাইক্রোবাস থেকে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। এ ছাড়া বাস, বেবিট্যাক্সিতে অপর একটি পক্ষ চাঁদাবাজি করছে। বাড়তি ভাড়া আদায়: এ নৌপথে লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের নৌযানের ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। বিআইডবিউটিএ বন্দর সূত্র জানায়, গত বছর শুষ্ক মৌসুমে এ পথে লঞ্চ-ফেরিগুলো মাওয়া-পালেরচর-মঙ্গলমাঝি চ্যানেল দিয়ে ৩১ কিলোমিটার ঘুরে চলাচল করত। লঞ্চ ভাড়া গত বছর ছিল ১৫ টাকা, এ বছর ২০ টাকা। স্পিডবোট ১০০ টাকার স্থলে এবার ১২০ টাকা হয়েছে। লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী বলেন, নাব্যতা সংকটের কারণে লঞ্চ ও স্পিডবোট বেশি পথ ঘুরে যেতে হয়। এতে তেল খরচ বেশি হয়। তাই ভাড়া বাড়ানো হয়েছে।অবরোধ: যানবাহন সিরিয়াল দেওয়ার নামে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। যার ফলে মারামারি, অবরোধসহ বিভিন্ন কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ২২ মার্চ কাওরাকান্দি ও মাওয়াঘাটের স্পিডবোটচালকদের মধ্যে সিরিয়াল নিয়ে সংঘর্ষের রেশ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, মাওয়া ও কাওরাকান্দি ঘাটের স্পিডবোটচালকদের মাঝে সিরিয়াল নিয়ে মারামারির ফলে গত ২২ মার্চের ঘটনায় যাত্রীদের দুর্ভোগ দেখে আমরা দুই পাড়ের প্রশাসন মিলে সমাধান করেছি।