
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে যোগাযোগ খাতে একাধিক চুক্তির সম্ভাবনা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের গতকাল সোমবার সকালে ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে দ্বিপক্ষীয় একগুচ্ছ প্রকল্প নিয়ে আলোচনা করেন। পরে বিকেলে হোটেল তাজ প্যালেসে সংবাদ সম্মেলনে সেই বৈঠকের আলোচ্য বিষয় এবং মোদির সম্ভাব্য সফর নিয়ে কথা বলেন।
মোদি কবে ঢাকা যাচ্ছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘জুন মাসের ৬ ও ৭ তারিখের কথা শোনা যাচ্ছে। তবে দিন চূড়ান্ত কি না, বলতে পারব না।’
সেতুমন্ত্রী বলেন, মোদির সফরে যোগাযোগের সহযোগিতার ক্ষেত্রে একাধিক সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা-শিলং-গুয়াহাটি বাস চলাচলের উদ্বোধন। প্রধানমন্ত্রী মোদির বহু প্রতীক্ষিত এই আন্তর্জাতিক রুটে নিয়মিত বাস চলাচল উদ্বোধন করার সম্ভাবনা আছে বলে জানান ওবায়দুল কাদের।
গুয়াহাটি-ঢাকা-শিলং রুটে একাধিকবার পরীক্ষামূলকভাবে বাস চালানো হয়েছে। ২২ মে চূড়ান্ত ট্রায়াল। সেই সময় ওবায়দুল কাদের ছাড়াও ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনও চূড়ান্ত ট্রায়ালে উপস্থিত থাকবেন। কাদের আরও জানান, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের রামগড় ও ত্রিপুরার সাবরুমের মধ্যে ফেনী নদীর ওপর একটি সেতু তৈরির সিদ্ধান্ত মোদির সফরে চূড়ান্ত হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি চুক্তিতে সই করবেন বলে মনে করা হচ্ছে। এ সেতু তৈরি হলে দুই দেশে দুটি স্থলবন্দর তৈরি করা হবে। আশুগঞ্জ, আখাউড়া ও আগরতলার মধ্যে ৫৮ কিলোমিটার চার লেনের রাস্তা হবে, যার ফলে দুই দেশের মধ্যে মালামাল আদান-প্রদান অনেক সহজ হয়ে যাবে।
ওবায়দুল কাদের আরও জানান, মোদির সফরের সময় কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে সরাসরি বাস চলাচলের বিষয়টিও পাকা হতে পারে। এর ফলে কলকাতা ও আগরতলার মানুষ এক বাসে বাংলাদেশের মধ্য দিয়ে সোজা অন্য প্রান্তে চলে যেতে পারবে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই “ট্রানজিট”-এর বিষয়ে অত্যন্ত আগ্রহী। তাঁর রাজ্যের পরিবহনসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নিতিন গড়কড়ির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। মোদি তাঁর সঙ্গে বাংলাদেশ সফরে যেতে মমতাকে অনুরোধ জানিয়েছেন এবং মমতা রাজিও হয়েছেন।’
সীমান্ত চুক্তি বাস্তবায়নকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিতিন গড়কড়িকে বলেছি, এই বিলের পক্ষে গোটা ভারতের একজোট হওয়া শিক্ষণীয়। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমি গড়কড়িকে বলেছি, আসুন, আমরা সন্দেহের সব দেয়াল ভেঙে দিয়ে গঠনমূলক সহযোগিতার সেতু বানাই।’ দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে আরও নতুন নতুন যাত্রীবাহী বাস রুট চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। সেগুলোর মধ্যে রয়েছে কলকাতা-চট্টগ্রাম, কলকাতা-খুলনা, কলকাতা-যশোর এবং শিলং-চট্টগ্রাম।
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আরও এক উল্লেখযোগ্য প্রকল্প বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সড়ক যোগাযোগ। সার্কের বাইরে এই সহযোগিতা চূড়ান্ত করতে জুন মাসেই ভুটানের থিম্পুতে চার দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই চূড়ান্ত চুক্তি সই হবে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ভারত এখন চাইছে সেই বৈঠকের দিন এগিয়ে আনতে, যাতে মোদির ঢাকা সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।