যোগাযোগমন্ত্রীর 'ধন্যবাদজ্ঞাপন' অনুষ্ঠান
ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন হওয়ায় ‘ধন্যবাদজ্ঞাপন’ অনুষ্ঠান করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, পরিবহন খাতের মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খোন্দকারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন শুধু যোগাযোগমন্ত্রী।
যাত্রী কল্যাণ সমিতিসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে যোগাযোগমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া দেওয়া হয়। অনুষ্ঠানস্থলে টানানো ব্যানারের ওপরের দিকে লেখা ছিল ‘ধন্যবাদজ্ঞাপন’। নিচে লেখা ছিল যোগাযোগ মন্ত্রণালয়।
বেলা দেড়টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। বক্তৃতাকালে যোগাযোগমন্ত্রী জানান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানেরও অনুষ্ঠানে আসার কথা ছিল। পদ্মা নদীতে মর্মান্তিক লঞ্চডুবির কারণে নৌমন্ত্রী সেখানে চলে গেছেন।
অনুষ্ঠানে নৌ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, কয়েক বছরের মধ্যে মানুষ এবারের ঈদে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি গেছে এবং ফিরে আসছে। তবে এতে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন এবং সফল বলে দাবি করবেন না। তিনি বলেন, আরও অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক চ্যালেঞ্জ বাকি আছে। এবার প্রকৌশলগত কর্মকাণ্ড, এনফোর্সমেন্ট ও জনসচেতনতা—এই তিনটি কাজ সমন্বিতভাবে করতে পেরেছেন। আগামী ঈদে আরও ভালোভাবে মানুষ বাড়ি যেতে পারবে। এখন থেকে আগামী ঈদের এবং সারা বছরের প্রস্তুতি চলবে।
গণমাধ্যমের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সমালোচকেরা আমার বন্ধু। সব সমালোচনা অমূলক নয়, সত্যতা ছিল। আমরাও দ্রুত ব্যবস্থা নিয়েছি। তবে আমাদের বক্তব্য ভালোভাবে প্রচার ও প্রকাশের সুযোগ দেবেন।’ তিনি দাবি করেন, এখন চট্টগ্রামে যেতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা লাগছে। কুমিল্লায় দুই ঘণ্টা, ফেনীতে আড়াই ঘণ্টায় যাওয়া যাচ্ছে। ময়মনসিংহে যেতে পারছেন তিন ঘণ্টায়। আগামী ঈদুল ফিতরের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের সবচেয়ে আকর্ষণীয় সড়কে পরিণত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সামছুল হক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ।