একটি পাকা সেতুর অভাবে নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ১১টি গ্রামের মানুষ বছরের পর বছর বাঁশের একটি সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে। ছোট যমুনা নদীর এ স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি।
জেলার ছোট যমুনা নদীর ওপর আতাইকুলা-কুজাইল নামক স্থানে রয়েছে বাঁশের সাঁকোটি। এই সাঁকো ও নৌকা দিয়ে মিরাট ইউনিয়নের হামিদপুর, বড়খোল, জালালাবাদ, বৈঠাখালী, হরিশপুর, কনৌজ, আতাইকুলা, মিরাটসহ ১১টি গ্রামের মানুষকে চলাচল করতে হয়। বর্ষায় নৌকা থাকলেও শুষ্ক মৌসুমে নদী পারাপারের জন্য সাঁকোটিই একমাত্র ভরসা।
উপজেলার সদর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে নদী আর বিলবেষ্টিত একটি ইউনিয়ন মিরাট। বছরের বেশির ভাগ সময়ই এ ইউনিয়নের চারদিকে পানি থই থই করে। শুষ্ক মৌসুমে যখন পানি কমতে থাকে, তখন পানি-কাদায় ভরে থাকে চারপাশ। শুস্ক মৌসুমে নাব্যতা সংকটে নৌকা চলাচল বন্ধ থাকায় চলাচলের জন্য সাঁকোটির ওপরই ভরসা করতে হয়। তখন ইরি ধান উৎপাদনের জন্য পরিচিত মিরাটের কৃষকেরা ধানসহ অন্যান্য কৃষি পণ্য সহজে বাজারজাত করতে না পেরে নায্যমূল্য থেকে বঞ্চিত হন। অনেকটা বাধ্য হয়ে তখন তাঁরা মহাজনদের কাছে কম দামে উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করে দেন।
আতাইকুলা জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র পাল বলেন, ‘আমি দীর্ঘদিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এখানে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। আমি দেখেছি, ঝড়-বৃষ্টি-বন্যার সময় অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা কিংবা বাঁশের সাঁকোতে কীভাবে শিক্ষার্থীরা স্কুলে আসে। এখানে একটি ব্রিজ হলে এই ছাত্রছাত্রীসহ এলাকাবাসী উপকৃত হতো।’
আতাইকুলা গ্রামের শহীদ পরিবারের সন্তান গৌতম পাল বলেন, ‘এই নদীর ওপর একটি ব্রিজের অভাবে আতাইকুলা গণকবর দেখতে আসা দর্শনার্থীদের অসুবিধায় পড়তে হয়। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে অনেক দিন ধরেই যমুনা নদীর ওপর একটি ব্রিজের দাবি করলেও সংশ্লিষ্ট কেউই সুনজর দিচ্ছেন না। যোগাযোগের এই দুর্ভোগ থেকে আমরা কবে রেহাই পাব, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।’
মিরাট ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আতাইকুলা-কুজাইল নামক স্থানে ছোট যমুনা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে আমার ইউনিয়নসহ আশপাশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে।’
উপজেলা প্রকৌশলী আবু মো. শফিউল আলম বলেন, ছোট যমুনা নদীর এই জায়গায় একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাব তৈরি করা হয়েছে। স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের সঙ্গে যোগাযোগ করে এটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।